সাত ঘণ্টা পর লোকালয় থেকে সুন্দরবনে ফিরে গেছে বাঘ
সাত ঘণ্টা লোকালয়ে অবস্থান করে আজ শনিবার একটি বাঘ সুন্দরবনে ফিরে গেছে। তবে লোকালয়ে অবস্থানকালে বাঘটি তিনটি ছাগল ও একটি কুকুর খেয়েছে।গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মীরাগাং নদী পার হয়ে সুন্দরবন থেকে একটি বাঘ শ্যামনগর উপজেলার দক্ষিণ মীরগাং গ্রামে ঢুকে। আজ ভোর পাঁচটার দিকে বাঘটি নিজের আবাসস্থলে ফিরে যায়। বাঘটিকে সুন্দরবনে ফেরত পাঠাতে বন বিভাগের কর্মীদের ৫০টি ফাঁকা গুলি ছোড়ে এবং অসংখ্য ফটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে হয়েছে।এত দীর্ঘ সময় লোকালয়ে অবস্থানের পর গত ১০ বছরের মধ্যে কোনো বাঘ নিরাপদে সুন্দরবনে ফিরতে পারল। এর আগে গত ১০ বছরে লোকালয়ে আসায় আটটি বাঘকে সুন্দরবনসংলগ্ন গ্রামবাসী পিটিয়ে হত্যা করে।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মাসুদ আলম জানান, রাত ১০টার দিকে বাঘটি লোকালয়ে আসে। পরে মাইকিং করে স্থানীয় লোকজনকে সতর্ক করা হয়। গুলি ও বাজির শব্দ করলে বাঘটি ভোর পাঁচটার দিকে সুন্দরবনে ফিরে যায়।পশ্চিম সুন্দরবন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক তৌফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় লোকালয়ে থাকার পর একটি বাঘকে নিরাপদে সুন্দরবনে ফেরত পাঠানো হয়েছে। এ কাজে স্থানীয় লোকজন সহযোগিতা করেছে।