সাত ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু
প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পরে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আজ সোমবার বেলা ১১টা থেকে আবার চালু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফেনীর অদূরে ফাজিলপুর ও মুহুরিগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে গতকাল রোববার রাত চারটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।এর ফলে আজ ফেনী স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ও লাকসাম স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস আটকা পড়ে। এ ছাড়া চট্টগ্রাম থেকে তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও সাগরিকা এক্সপ্রেস। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর গোধূলী বেলা তিনটায় ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ঢাকার রেলস্টেশন সূত্র জানিয়েছে ট্রেনটি এখনও পৌঁছাতে পারেনি । ট্রেনগুলো দেরিতে ছাড়ার কারণে অন্যান্য রুটেও ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেলা ১১টার দিকে লাকসাম থেকে একটি ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালানোর পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। ফেনীর রেলওয়ে স্টেশন মাস্টার বি কে বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।