সাত জঙ্গি হত্যা করে শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার গোলযোগপূর্ণ উত্তর ককেসাসের দাগেস্তান এলাকায় আজ শনিবার সাত জঙ্গিকে হত্যার পর জিম্মি করে রাখা এক শিশুকন্যাকে (৬) উদ্ধার করেছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। দেশটির সন্ত্রাসবাদবিরোধী জাতীয় কমিটির বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে এ কথা জানানো হয়। ইন্টারফ্যাক্সের খবরের বরাত দিয়ে রয়টার্স জানায়, উত্তর ককেসাসের প্রাদেশিক রাজধানী মাখাচকালার একটি ভবনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে জঙ্গিরা। সেখান থেকে ওই শিশুকন্যাকে নিয়ে যায় তারা। পরে শিশুটিকে জিম্মি করা হয়। তাকে উদ্ধারে আজ দাগেস্তানে অভিযান চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়ে পালিয়ে যাওয়ার সময় সাত জঙ্গিকে হত্যা করা হয়। অন্যদের আটক করেছে নিরাপত্তা রক্ষীরা। শিশুটিকে উদ্ধার করা হয়েছে।নিহত হওয়া জঙ্গিদের সবার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা একটি ইসলামি জঙ্গি সংগঠনের সদস্য।উত্তর ককেসাসকে একটি ইসলামি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে এই জঙ্গিরা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ দেশটির সরকারি কর্মকর্তা এবং মূলধারার ইসলামি নেতাদের অনেকে এই জঙ্গি গোষ্ঠীর হামলার শিকার হয়েছেন।