সাত জেলা দিয়ে আসছে বেশির ভাগ মাদক
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও কুষ্টিয়া-যশোর-সাতক্ষীরা—এই কয়েকটি জেলার সীমান্ত দিয়েই মূলত ঢাকায় ঢুকছে সবচেয়ে বেশি চাহিদার তিন ধরনের মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিরাময়কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী দেশে সবচেয়ে বেশি ব্যবহূত মাদক হচ্ছে গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও শিরায় গ্রহণযোগ্য মাদক (বুপ্রেনঅরফিন, বোমাজিপ্রাম, পেথিডিন)। তবে ইয়াবার ব্যবহার ও বিস্তার বাড়ছে খুব দ্রুত। মাদকাসক্তি নিরাময়কেন্দ্র ‘আপন’-এর পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রেহোজাল জানান, দুই বছর আগেও ইয়াবায় আসক্ত কোনো রোগী তিনি পাননি। কিন্তু এখন অনেক ইয়াবায় আসক্ত রোগী আসছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু তালেব জানান, ফেনসিডিল, হেরোইন ও বুপ্রেনঅরফিন জাতীয় ইনজেকশন (টিডিজেসিক, লুপিজেসিক)—এ তিন ধরনের মাদক একই পথে পাচার হয়ে দেশে আসে। ঢাকায় ফেনসিডিল সবচেয়ে বেশি আসে রাজশাহী আর ব্রাহ্মণবাড়িয়া রুট দিয়ে। মূলত সীমান্তবর্তী সাত জেলা দিয়ে এগুলো ভারত থেকে দেশে ঢুকছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজার চাষ হয়। হেরোইনের উৎস পপিগাছেরও সন্ধান পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। চট্টগ্রাম ও টেকনাফ থেকে আসছে ইয়াবা ও মদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট ও কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ওই সাত জেলা ছাড়াও চুয়াডাঙ্গার কালীগঞ্জ, দর্শনা ও জীবননগর, দিনাজপুরের হিলি ও বিরল, লালমনিরহাটের মোগলহাট ও আদিতমারী, কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী, সাতক্ষীরার দেবহাটা, ময়মনসিংহের হালুয়াঘাট, নেত্রকোনার দুর্গাপুর ও ফেনীর ছাগলনাইয়া হয়েই দেশে বেশি ঢুকছে ওই তিন ধরনের মাদক। মাঠপর্যায়ের কর্মকর্তারা জানান, যমুনা নদীর দুই তীরের (গাইবান্ধা, জামালপুর থেকে ফরিদপুরের গোয়ালন্দ পর্যন্ত) কয়েকটি জেলার চরে গাঁজার চাষ হয়। তবে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ হয় পার্বত্য চট্টগ্রামের গহিন এলাকায়। নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর ও সুনামগঞ্জেও স্বল্প পরিমাণে গাঁজার চাষ হয় বলে জানা গেছে। পার্বত্য চট্টগ্রামে পপি চাষের নজির রয়েছে। গত ৩০ জুন ঢাকায় আনার সময় একটি মাইক্রোবাসে ২৬০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা অধিদপ্তরের পরিদর্শক হেলালউদ্দীন প্রথম আলোকে জানান, ফেনসিডিলগুলো ঢাকায় আনতে পারলে গাড়িভাড়া ও পথখরচ সব মিটিয়ে প্রতি বোতলে অন্তত ১৫০ টাকা করে লাভ হতো। তিনি জানান, আখাউড়া থেকে ১৯০ টাকা করে বোতল কেনা হয়েছিল। ঢাকায় প্রতিটি বোতলের পাইকারি দাম ৪০০ টাকা।