সাত জেলায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৫৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালকে সামনে রেখে গতকাল শনিবার ও আজ রোববার দিনাজপুর, নোয়াখালী, ঝালকাঠি, কিশোরগঞ্জ, বরগুনার আমতলী, মৌলভীবাজার ও শেরপুরে পুলিশি অভিযানে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।দিনাজপুর: জেলায় হরতালের সমর্থনে মিছিল ও ভাঙচুরের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।দিনাজপুর পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় দিনাজপুর শহরের মডার্ন মোড়ে কয়েকজন যুবক হরতালের সমর্থনে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল ও রিকশা ভাঙচুর করে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।অন্যদিকে সকাল ১০টায় হাকিমপুর উপজেলার হিলি চৌরাস্তা মোড়ে হরতালের সমর্থনে মিছিল ও যানবাহন ভাঙচুর করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিকেলে বিচারিক হাকিম আদালতের মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নোয়াখালী: গতকাল ও আজ নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সুধারাম, হাতিয়া, সেনবাগ, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ থেকে এদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাজারী ১৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হরতালের সুযোগ নিয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে।ঝালকাঠি: ঝালকাঠিতে গতকাল বিএনপির পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান, জেলা শ্রমিক দলের সহসভাপতি বাবুল হাওলাদারও আছেন।কিশোরগঞ্জ: গতকাল থেকে আজ পর্যন্ত পুলিশি অভিযানে কিশোরগঞ্জে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে আছেন কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য ও ভৈরব উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাদেক হোসেন, বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ভৈরব শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কিশোরগঞ্জ বিএনপির নেতা রবিউল করিম খান প্রমুখ। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নামে বিভিন্ন মামলা রয়েছে। তা ছাড়া হরতালের দিন তাঁরা জনমনে ভীতি সৃষ্টি করতে পারেন—এমন আশঙ্কায় এদের গ্রেপ্তার করা হয়েছে।আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে আজ ছাত্রদলের দুই নেতা-কর্মীকে আটক করেছে থানার পুলিশ। আমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাসরিন জানান, গ্রেপ্তার হওয়া জুবেরি ও রাতুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মৌলভীবাজার: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মতিন বকশকে গতকাল গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। সদর উপজেলার মাতারকাপন গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। শেরপুর: হরতালকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে আজ নকলা পৌর বিএনপির সভাপতি মুখলেছুর রহমান (৫০), জামায়াতের কর্মী আবদুর রহিম (৫০) ও তাজিবুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।