সাত জেলায় বজ্রপাতে নিহত ১৮
পাবনা, রাজশাহী, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নোয়াখালী ও কুড়িগ্রামে আজ সোমবার পৃথক বজ্রপাতের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। পাবনা: উপজেলার পাচপুঙ্গুলী ইউনিয়নের পাচপুঙ্গুলী গ্রামে একদল শ্রমিক খেতে ধান কাটছিলেন। সকাল ১০টার দিকে হঠাত্ বৃষ্টি এলে তাঁরা কাছেই একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় ঘরের ওপর বজ্রপাত হলে মো. বাবু শেখ (১৮) ও মো. খায়রুল ইসলাম (২৬) ঘটনাস্থলেই মারা যান। আর আহত হয় ১৭ জন। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাজশাহী: পুঠিয়া উপজেলায় চকদোমাদি গ্রামে আজ সকাল সাড়ে আটটার দিকে নান্টু (২৫) বেগুন খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরদিকে, সকাল আটটার দিকে শিবপুরহাট গ্রামে আম কুড়ানোর সময় বজ্রপাতে সাগরের (১২) মৃত্যু হয়। চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি তাঁর জমিতে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। একই উপজেলার বড়কূল ইউনিয়নের দোয়াগন্ডা গ্রামের মামুন (১২) নামের এক শিশু বাড়ির পাশের মাঠে খেলা করার সময় বজ্রপাতের শিকার হয়। সেও ঘটনাস্থলে প্রাণ হারায়।চাঁপাইনবাবগঞ্জ: জেলা সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলার আজ ভোরে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। নিহতেরা হলেন সদরের দুর্গাপুর মহল্লার তরিকুল ইসলামের ছেলে ওসমান আলী (১৪), শিবগঞ্জের চৈতন্যপুর গ্রামের আবদুল মান্নান (৪০) ও নাচোলের সালালপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে বাইরুল (৩৫)।নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে আজ ও গতকাল রোববার বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার চর আমানউল্লা ইউনিয়নের নওয়াপাড়া ও চরবাটা ইউনিয়নের মধ্যম চরবাটা গ্রামে এ ঘটনা দুটি ঘটে। নিহতেরা হলো ফারহানা আক্তার (১০), শাবানা আক্তার (১২) ও আসাদুল হক (৬২)।আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে জুলেখা খাতুন (২৬) নামের এক গৃহবধূ মাঠে গরু রেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার পশ্চিম আবাদপুর গ্রামের আজিমুদ্দিনের স্ত্রী।বাগমারা (রাজশাহী): বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে রাজশাহীর বাগমারায় বজ্রপাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের মন্টু (১৪) নামে এক কিশোর নিহত হয়। একই সময়ে বজ্রপাতে ভরট্ট গ্রামের সাইদুর রহমান (৪০) ও কোটালীপাড়ার আবদুল হান্নান (২৭) নিহত হন। তাঁরা ওই সময় ঘরের বাইরে অবস্থান করছিলেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুরে বজ্রপাতে এক কৃষক নিহত ও তিনজন আহত হয়েছে। সকাল ১০টার দিকে ধান কেটে জমির আইলে এই কৃষকেরা বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় নূরুল ইসলাম (৩২) নামের এক কৃষক মারা যান। আর আহত তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ গ্রামে বজ্রপাতে ছালমা আকতার (২২) নামের এক নারী নিহত এবং একই গ্রামের সরিষা বেগম (৩৪) ও আনোয়ারা বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন।