ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যপদের প্রার্থীদের ব্যক্তিগত সাতটি তথ্য দিতে হবে না।তবে চেয়ারম্যান পদপ্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক এবং সব ধরনের প্রার্থীদের ব্যয়ের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থা এবারই প্রথম। এ ছাড়া প্রথমবারের মতো প্রার্থীদের জন্য সুস্পষ্ট আচরণবিধি ও তা লঙ্ঘনের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। আগামী মে থেকে ইউপি নির্বাচন শুরু হবে।নির্বাচন কমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সারা দেশে চার হাজার ৫০৪টি ইউপি নির্বাচনে প্রার্থীর সংখ্যা এবার এক লাখ ছাড়িয়ে যাবে। এই বিপুলসংখ্যক প্রার্থীর হলফনামা যাচাই-বাছাই করা কমিশনের বর্তমান লোকবল দিয়ে সম্ভব নয়। এ জন্য কমিশনের সুপারিশে ইউপি নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত সাত তথ্য দেওয়ার বিষয়টি আইনে রাখা হয়নি। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এত দিন ইউপি নির্বাচনের জন্য কোনো আচরণবিধি ছিল না। ফলে নানা অনিয়ম ও হানাহানির ঘটনা ঘটেছে। এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে আচরণবিধি করা হচ্ছে। তিনি বলেন, কমিশন ইউপি নির্বাচনের প্রার্থীদের ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়টি না রাখার কথা বলেছে। এত প্রার্থীর হলফনামা যাচাই-বাছাই করা সম্ভব নয়। কমিশন সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ আইন সম্প্রতি সংসদে পাস হয়েছে। তাই সাত তথ্যের বিষয়টি এখন আর অন্তর্ভুক্তির সুযোগ নেই। তবে কমিশন আচরণবিধির খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের হাতে আচরণবিধি তুলে দেওয়া হবে। নির্বাচন সেই অনুযায়ী পরিচালিত হবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে শিগগিরই চূড়ান্ত বিধি প্রকাশ করা হবে। সাত তথ্য দিতে হবে না: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সাতটি ব্যক্তিগত তথ্য দেওয়ার বিধান ছিল। ২০০৮ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে এই তথ্য দেওয়া বাধ্যতামূলক ছিল। সাত তথ্যের মধ্যে ছিল—প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলা আছে কি না, অতীতে থাকলে সেগুলোর ফলাফল কী ছিল, পেশা, আয়ের উত্স, প্রার্থী ও প্রার্থীর ওপর নির্ভরশীল ব্যক্তির সম্পদ ও দায়দেনা-সম্পর্কিত তথ্য এবং ঋণসংক্রান্ত তথ্যাবলি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, কমিশন লোকবলের অভাবের দোহাই দিয়ে ভোটারের জানার অধিকার নষ্ট করেছে। এতে স্থানীয় পর্যায়ে প্রার্থীদের দায়বদ্ধতা থাকবে না। যখন তথ্য অধিকার আইন করা হয়েছে, তখন এ ধরনের সিদ্ধান্ত হাস্যকর। ব্যয়ের সীমা বেশি: ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং সদস্যপদের প্রার্থীরা সর্বোচ্চ এক লাখ টাকা ব্যয় করতে পারবেন। ব্যয়ের এই সীমা অন্যান্য নির্বাচনের তুলনায় অনেক বেশি। ভোটার অনুপাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যয়ের পরিমাণ বেশি ধরা হয়েছে। জানা গেছে, সংসদ নির্বাচনে ভোটারপ্রতি ব্যয় পাঁচ টাকা। ঢাকা সিটি করপোরেশনে এক টাকা ৩০ পয়সা। অন্যান্য নির্বাচনেও ভোটারপ্রতি এই ব্যয় পাঁচ থেকে সর্বোচ্চ ১০ টাকার মধ্যে। সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন দ্বীপের চেয়ারম্যান পদপ্রার্থীদের ভোটারপ্রতি ব্যয় সর্বোচ্চ ১৯১ টাকা হতে পারে।প্রার্থীদের জামানত: চেয়ারম্যান পদে জামানত দুই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার ও সদস্যপদে সাড়ে ৭০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। এক-অষ্টমাংশ ভোট না পেলে এই জামানত প্রার্থীরা ফেরত পাবেন না।নতুন বিধিতে প্রার্থীরা শক্তি প্রদর্শন (শোডাউন), জনসভা-মিছিল করতে পারবেন না; তবে পথসভা করতে পারবেন। চেয়ারম্যান পদপ্রার্থীরা ইউনিয়নে তিনটি এবং সদস্যপদের প্রার্থীরা ওয়ার্ডে একটি করে নির্বাচনী অফিস খুলতে পারবেন। এ বিষয়গুলো প্রার্থীরা অনুসরণ করছেন কি না, তা পর্যবেক্ষণে কমিশনের নিজস্ব পর্যবেক্ষক দল কাজ করবে।চেয়ারম্যান পদপ্রার্থীরা ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যয় করবেন। নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী ৩০ দিনের মধ্যে তাঁরা কমিশনের কাছে ব্যয়ের হিসাব দেবেন। বিধিতে আরও যা থাকছে: নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো উন্নয়নমূলক প্রকল্প বা গম-চাল বিতরণের উদ্যোগ নিতে পারবেন না পরিষদের বর্তমান সদস্যরা। আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল এবং সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রার্থীদের পোস্টার হতে হবে সাদা-কালো। নির্দলীয় নির্বাচন হওয়ায় পোস্টারে প্রতীক ও প্রার্থীর ছবি ছাড়া আর কোনো দলীয় প্রতীক বা দলের নেতার ছবি ব্যবহার করা যাবে না। পোস্টারের নিচে ছাপাখানার নাম, পোস্টারের সংখ্যা ও ছাপানোর তারিখ উল্লেখ থাকতে হবে। কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী বা সমমর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তি তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় যেতে পারবেন না; কেবল ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রার্থীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কারও মনোনয়ন গ্রহণ না হলে সংশ্লিষ্ট ব্যক্তি কমিশনে আপিল করতে পারবেন। নির্বাচনে কোথা থেকে টাকা আসবে, টাকার উত্সগুলো কী, তার খাতওয়ারি বিবরণ মনোনয়নপত্রের সঙ্গে কমিশনে জমা দিতে হবে।