সাত দফা দাবিতে আজ থেকে তাঁত ধর্মঘট
সাত দফা দাবিতে আজ বুধবার থেকে ধর্মঘটে যাচ্ছে তাঁতকল মালিক ও শ্রমিকদের সংগঠন বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের মূল দাবি, সুতার দাম সহনশীল রাখতে বেনাপোল স্থল বন্দর খুলে দেওয়া ও শুল্কমুক্ত সুতা আমদানি। এর ফলে আজ থেকে তাঁতশিল্পের জন্য বিখ্যাত নরসিংদীসহ সারা দেশের সব হ্যান্ডলুম ও পাওয়ার লুম কারখানায় অনির্দিষ্টকালের জন্য উত্পাদন বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পর্ষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে। অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পর্ষদ থেকে জানানো হয়েছে, দেশের কাপড়ের চাহিদার ৮০ শতাংশ পূরণ করে আসছে দেশীয় তাঁত। উত্পাদিত কাপড়ের ২০ শতাংশ বিদেশে রপ্তানি হয়। কিন্তু আজ এই তাঁতশিল্পের দুর্দিন। বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দেওয়ার পর সুতার দাম বেড়েই চলেছে। এখন সুতার দাম বৃদ্ধি পেয়ে পাউন্ড প্রতি ৬৫ টাকার সুতা ১১৫ টাকায় উঠেছে। ফলে এই দাম দিয়ে সুতা কিনে উত্পাদিত কাপড় বাজারে বিক্রি করে লাভ তো হচ্ছেই না, বরং ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। ফলে এক মাসের ব্যবধানে সারা দেশের ৫০ শতাংশ তাঁতকলে উত্পাদন বন্ধ হয়ে গেছে। সুতার দাম কমাতে সারা দেশে তাঁতিরা আন্দোলনে গেলেও সরকারের সমস্যা সমাধানে তেমন উদ্যোগ নেই। এই অবস্থায় তাঁতিরা বাধ্য হয়েই মঙ্গলবার থেকে ধর্মঘটে যাচ্ছে।হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন বলেন, বাঁচা-মরার প্রশ্নে বেশ কিছুদিন ধরেই তাঁতিরা আন্দোলনের মধ্যে আছে। আন্দোলন শুরু করার আগেই সমস্যা সমাধানে সরকারের আন্তরিক হওয়া উচিত ছিল। কিন্তু সে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। এদিকে গতকাল সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমাবাদে তাঁতকল মালিক ও শ্রমিকদের সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।সুতার দর বৃদ্ধি নিয়ে দেশের পোশাক রপ্তানিকারকেরাও ক্ষুব্ধ। তাঁরা বলছেন, এর ফলে আন্তর্জাতিক বাজারে তাঁদের প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে। তাঁদের মত হলো, সুতার উত্পাদকেরা আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেশির দোহাই দিয়ে অতি মুনাফা করছেন। এ অবস্থায় রপ্তানি বাজার ধরে রাখতে তাঁরাও সুতার দাম কমানোর দাবি জানিয়েছেন।