সাত দফা দাবিতে জাতীয় কমিটির লংমার্চ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সাত দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুরের ফুলবাড়ীর উদ্দেশে লংমার্চ শুরু করেছে। গতকাল রোববার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হওয়া এই লংমার্চ আগামী শনিবার ফুলবাড়ীতে মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। গতকাল এই লংমার্চের উদ্বোধন করে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ বলেন, জ্বালানি খাতে সরকার বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করছে। জনগণের জ্বালানিসম্পদ জনগণকেই রক্ষা করতে হবে। এর মালিকানা জনগণের হাতেই থাকতে হবে। তিনি বলেন, এর আগেও জাতীয় কমিটি দেশের সম্পদ রক্ষার দাবিতে লংমার্চ করে সফল হয়েছে। এবারও এই লংমার্চ ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং সফল হবে। এর আগে সাত দফা দাবি ঘোষণা করেন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। দাবির মধ্যে রয়েছে ফুলবাড়ী কয়লা প্রকল্প ও মডেল উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) ২০০৮ বাতিল; বহুজাতিক কোম্পানি কেয়ার্ন এনার্জির গ্যাস তৃতীয় পক্ষের কাছে বিক্রির অনুমতি বাতিল; অতীত ও বর্তমানে জ্বালানি নিয়ে অপতৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ; সংসদে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস করা; নতুন নীতিমালার মাধ্যমে গ্যাস অনুসন্ধান ও গ্যাস উত্তোলন ত্বরান্বিত করা প্রভৃতি। গতকাল সকাল ১০টা থেকেই বিভিন্ন বামপন্থী দলের নেতা-কর্মীরা এসব দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বক্তব্য দেন। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এই লংমার্চ শুধু পায়ে হাঁটা হবে না। এর সঙ্গে মানুষের আশা, আকাঙ্ক্ষা ও আবেগ জড়িত। তাই এই লংমার্চও সফল হবে। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, রাষ্ট্রই দেশের সব সম্পত্তির মালিক। কোনো সরকার রাষ্ট্রীয় সম্পদ থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে গেলে সেই সরকারই জনবিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। আজ সোমবার লংমার্চ গাজীপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হবে। পথে পাকুল্লা ও টাঙ্গাইলে দুটি সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার সিরাজগঞ্জ রওনা হয়ে শেরপুরে পথসভা ও বগুড়ায় গিয়ে সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হবে। পরশু বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে পথসভা করে পলাশবাড়ীতে গিয়ে সমাবেশ হবে। পরদিন বৃহস্পতিবার মিঠাপুকুরে সমাবেশ করে রংপুরে গিয়ে সমাবেশ করবে। এরপর সৈয়দপুরে পথসভা ও ২৯ অক্টোবর দিনাজপুরে সমাবেশ হবে। ৩০ অক্টোবর শনিবার ফুলবাড়ীতে দুপুর দুইটায় মহাসমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।