সাত দফা দাবিতে তাঁত ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবিতে আজ বুধবার থেকে ধর্মঘট শুরু করেছে তাঁতকল মালিক ও শ্রমিকদের সংগঠন বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের মূল দাবি, সুতার দাম সহনশীল রাখতে বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়া ও শুল্কমুক্ত সুতা আমদানি। ধর্মঘটের ফলে তাঁতশিল্পের জন্য বিখ্যাত নরসিংদীসহ সারা দেশের সব তাঁতকলে অনির্দিষ্টকালের জন্য উত্পাদন বন্ধ হয়ে গেছে। এ কারণে শুধু নরসিংদীতেই বেকার হয়ে পড়েছে পাঁচ লক্ষাধিক তাঁতি। আর সারা দেশ কাজ হারিয়েছে প্রায় সোয়া এক কোটি তাঁতি। অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পর্ষদ থেকে জানানো হয়েছে, দেশের কাপড়ের চাহিদার ৮০ শতাংশ পূরণ করে আসছে দেশীয় তাঁত। উত্পাদিত কাপড়ের ২০ শতাংশ বিদেশে রপ্তানি হয়। কিন্তু আজ এই তাঁতশিল্পের দুর্দিন। বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দেওয়ার পর সুতার দাম বেড়েই চলেছে। এখন দাম বেড়ে পাউন্ডপ্রতি ৬৫ টাকার সুতা ১১৫ টাকায় উঠেছে। এই দাম দিয়ে সুতা কিনে উত্পাদিত কাপড় বাজারে বিক্রি করে লাভ তো হচ্ছেই না; বরং ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। ফলে এক মাসের ব্যবধানে সারা দেশের ৫০ শতাংশ তাঁতকলে উত্পাদন বন্ধ হয়ে গেছে। সুতার দাম কমাতে সারা দেশের তাঁতিরা আন্দোলনে গেলেও সমস্যা সমাধানে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। এ অবস্থায় তাঁতিরা বাধ্য হয়েই ধর্মঘটে গেছেন। ধর্মঘটের প্রথম দিনে নরসিংদীর তাঁতসমৃদ্ধ মাধবদী, শিবপুর, মনোহরদী ও রায়পুরায় সব তাঁতকল বন্ধ থাকতে দেখা গেছে। দাবি আদায়ে তাঁতিরা খণ্ড খণ্ড মিছিল করছে। মিছিল থেকে বেনাপোল বন্দর খুলে দেওয়ার পাশাপাশি দ্রুত সুতার দাম সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য দাবি তোলা হয়।আজ সকাল থেকে সারা দেশে তাঁত ধর্মঘট শুরু হওয়ার কথা উল্লেখ করে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন বলেন, ‘ধর্মঘটের কারণে তাঁতকলে নীরবতা নেমে এসেছে। এ নীরবতা ভাঙতে না পারলে আমাদের দেশের তাঁতিদের জীবনে হয়তো স্থায়ী নীরবতা নেমে আসবে।’