পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা তাঁদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বুধবার অবস্থান ধর্মঘট পালন করেছেন। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তাঁরা একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন। সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রাম চালু করা, ইন্টার্নশিপ ফি কমানো, মাসিক বৃত্তি প্রদান ও বিবিএ প্রোগ্রামকে সেশনজটমুক্ত করাসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত রোববার থেকে আন্দোলন করে আসছেন বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা। গত সোম ও মঙ্গলবার তাঁরা ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আজ বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয় বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান।