তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুত্ বন্দর রক্ষা কমিটি
সাত দফা দাবিতে ১২ জানুয়ারি সারা দেশে মানববন্ধন
জাতীয় সংসদে ‘খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন ২০১০’ পাস করাসহ সাত দফা দাবিতে আগামী মঙ্গলবার সারা দেশে মানববন্ধন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সরকার অবিলম্বে এই সাত দফা পূরণে উদ্যোগ না নিলে সারা দেশ থেকে ঢাকামুখী লংমার্চ করারও ঘোষণা দিয়েছে তারা। আজ রোববার সকালে পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অতীতের ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশের গ্যাস ও কয়লা সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে চায়। এ ছাড়া বলা হয়, গত ২ সেপ্টেম্বর জাতীয় কমিটির মিছিলে পুলিশের হামলায় অধ্যাপক আনু মুহাম্মদের আহত হওয়ার ঘটনার এখনো তদন্ত হয়নি। অথচ সরকারের মন্ত্রী-উপদেষ্টারা তখন তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন।কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে প্রতিটি সরকারই হয়েছে ধনিক শ্রেণীর। তারা সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানির দালালি করে আসছে। আমাদের কাজ হলো মানুষকে বোঝানো যে, জনগণের সম্পদ জনগণের স্বার্থে ব্যবহার করতে হবে।’জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে সাত দফা দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হলো—মডেল পিএসসি ২০০৮ বাতিল করে শতভাগ দেশীয় মালিকানার শর্ত রেখে নতুন নীতির ভিত্তিতে তেল-গ্যাস উত্তোলনের ব্যবস্থা নেওয়া; কয়লা তোলার ক্ষেত্রে উন্মুক্ত খনন পদ্ধতি বাতিল ও এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার করা; মাগুরছড়া ও টেংরাটিলার দুর্ঘটনার জন্য দায়ী বহুজাতিক কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে অন্তত ২০ হাজার কোটি টাকা আদায় করা; পেট্রোবাংলা, বাপেক্স, ভূতাত্ত্বিক জরিপের (জিওলজিক্যাল সার্ভে) মতো প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; জ্বালানি সম্পদ নিয়ে বিভিন্ন সরকারের আমলে করা স্বার্থবিরোধী চুক্তি প্রকাশ; ও এর পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গত ২ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় কমিটির মিছিলে হামলার জন্য দায়ীদের শাস্তি দেওয়া।সরকার অবিলম্বে এই সাত দফা দাবি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী লংমার্চ করারও ঘোষণা দেয় জাতীয় কমিটি।