সাত দিন পর আখাউড়া স্থলবন্দর সচল
টানা সাত দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকাল নয়টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গতকাল আগরতলা স্থলবন্দরে আসেন। তাঁর নিরাপত্তার জন্য ১১ মে থেকে আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল নয়টায় ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। তবে বন্ধের সময় যাত্রী পারাপার এবং বিশেষ অনুমতি সাপেক্ষে ট্রেইলার চলাচল করে।’জানা গেছে, গতকাল পি চিদাম্বরম বাংলাদেশ সময় দুপুর একটায় আখাউড়া স্থলবন্দরের অদূরে আগরতলা স্থলবন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই বন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাসহ সাতটি রাজ্যে প্রতিদিন দেড় শতাধিক ট্রাকে বিভিন্ন পণ্য রপ্তানি হয়।