সাত দিন পর আজ আখাউড়া স্থলবন্দর সচল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আজ শনিবার সচল হচ্ছে।ভারতের ত্রিপুরার আগরতলার ব্যবসায়ীরা সে দেশের শুল্ক বিভাগের এক সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখে। আকস্মিক এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর ইয়ার্ডে আটকা পড়ে রপ্তানির পণ্যবোঝাই প্রায় ২০০টি ট্রাক।জানা গেছে, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাথর ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ডাম্পিং স্পটে (পণ্য খালাসের স্থান) রাখা হতো। গত শনিবার আগরতলা শুল্ক বিভাগের কর্মকর্তারা বাংলাদেশি ট্রাক থেকে সরাসরি ভারতীয় ট্রাকে পণ্য খালাস করতে বলে। এতে লোকসানের আশঙ্কায় প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। আগরতলা শুল্ক বিভাগ সিদ্ধান্ত না বদলালে সে দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, গত বৃহস্পতিবার দুপুরে আগরতলার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়। সন্ধ্যায় তাঁরা আজ শনিবার থেকে পণ্য নেওয়ার ঘোষণা দেন। তবে আগরতলা স্থলবন্দরের ডাম্পিং স্পটের সংস্কারকাজ চলতে থাকায় আগামী প্রায় দুই মাস বাংলাদেশি ট্রাক থেকে ভারতীয় ট্রাকে সরাসরি পণ্য খালাস করা হবে।