উপদেষ্টাকে শিক্ষামন্ত্রীর চিঠি
সাত দিনের মধ্যে এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত করার অনুরোধ
আগামী সাত দিনের মধ্যে এমপিওভুক্তির বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করে তা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী এক চিঠিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে এ অনুরোধ জানান। চিঠিতে শিক্ষামন্ত্রী জানান, দ্রুত এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত না হলে তালিকাভুক্ত এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান বঞ্চিত হবে এবং ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ থেকে ১৪ হাজার শিক্ষক-কর্মচারী আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন।শিক্ষামন্ত্রী আরও জানান, মন্ত্রী ও সাংসদদের কিছু এলাকায় পর্যাপ্তসংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব না হওয়ায় তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও মোট সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম।চিঠিতে শিক্ষামন্ত্রী এমপিওভুক্তির চূড়ান্ত তালিকা প্রণয়নে দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি ১৬ মে উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলার পর শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ও নথিপত্র পাঠিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন।এ প্রসঙ্গে উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বলেন, গতকাল তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কোনো চিঠি পাননি। চিঠির বিষয়টি জানার পর তিনি বলেন, সাত দিনের মধ্যে এই বিশাল কাজ শেষ করা অসম্ভব। তবে ৩১ মের মধ্যে এটা সম্পন্ন করার চেষ্টা করবেন বলে তিনি জানান। উপদেষ্টা বলেন, ‘যে কাজ মন্ত্রণালয় সাত মাসে করতে পারেনি, সেটা আমাকে সাত দিনে করতে বলার বিষয়টি বোধগম্য নয়।’