জয়ের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সৈয়দ আশরাফ
সাত দিনের মধ্যে তথ্য-প্রমাণ না দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপকে সাত দিনের মধ্যে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আনীত অভিযোগের তথ্য-প্রমাণ দিতে বলেছেন। তিনি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিনের উদ্দেশে বলেন, ‘সাত দিন সময় দিলাম। এর মধ্যে তথ্য-প্রমাণ ও আলামত দিতে হবে। প্রমাণ দিতে না পারলে আওয়ামী লীগ ও মহাজোট ঘরে বসে থাকবে না। দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা সহনশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। সংসদে আমরা বলিষ্ঠ বিরোধী দল চাই। কিন্তু মিথ্যা কথা বাংলার মানুষ মেনে নেবে না।’আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন গোলারটেক মাঠে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মহানগর ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জয়ের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) ব্যবসার অভিযোগ করেন।সরকারের বক্তব্য সম্পর্কে জয়নাল আবেদীনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে সম্মত হননি। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে কী বলা হয়েছে, তা এখনো জানি না। বক্তব্য শুনে কথা বলব।’মিরপুরের জনসভায় সৈয়দ আশরাফ বলেন, সজীব ওয়াজেদ জয় শিক্ষিত, বিনয়ী, মার্জিত ও রুচিসম্মত মানুষ। তিনি দেশে বসবাস করেন না। কীভাবে তিনি অবৈধ ভিওআইপির ব্যবসা করবেন? তিনি বলেন, ‘জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তিনি তারেক-কোকোর মতো মেট্রিক পাস নন।’ সৈয়দ আশরাফ যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে পাড়ায়-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ দিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। জামায়াত ইসলামী ছাড়া কোনো আলেম তাদের পক্ষে নেই। ইসলাম রগকাটা রাজনীতি সমর্থন করে না। এরা এত দিন ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে।