সাত দিনের মধ্যে প্রমাণ দিতে না পারলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপের কাছে সাত দিনের মধ্যে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ভিওআইপি ব্যবসা নিয়ে তোলা অভিযোগের তথ্যপ্রমাণ দাবি করেছেন।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের উদ্দেশে বলেন, ‘সাত দিন সময় দিলাম। এর মধ্যে তথ্যপ্রমাণ ও আলামত দিতে হবে। প্রমাণ দিতে না পারলে আওয়ামী লীগ ও মহাজোট ঘরে বসে থাকবে না। দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা সহনশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। সংসদে আমরা বলিষ্ঠ বিরোধী দল চাই। কিন্তু মিথ্যা কথা বাংলার মানুষ মেনে নেবে না।’গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন গোলারটেক মাঠে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মহানগর ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।জয়নাল আবদিন ফারুক গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ করেন।সরকারের একজন জ্যেষ্ঠ নেতার এ বক্তব্য সম্পর্কে জয়নাল আবদিনের মন্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জয়নাল আবদিন বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে কী বলা হয়েছে, তা এখনো জানি না। বক্তব্য শুনে কথা বলব।’ সজীব ওয়াজেদ জয়কে ‘শিক্ষিত, বিনয়ী, মার্জিত ও রুচিসম্মত মানুষ’ উল্লেখ করে আশরাফ আরও বলেন, ‘তিনি দেশে বসবাস করেন না। কীভাবে তিনি অবৈধ ভিওআইপির ব্যবসা করবেন?’সৈয়দ আশরাফ যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে পাড়ায়-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ দিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হবেই। জামায়াতে ইসলামী ছাড়া কোনো আলেম তাদের পক্ষে নেই।’ মির্জা আজমের সংবাদ সম্মেলন: এদিকে গতকাল সরকারদলীয় হুইপ এবং আওয়ামী লীগের নেতা মির্জা আজম ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সজীব ওয়াজেদ জয় সম্পর্কে এভাবে মিথ্যাচার চলতে থাকলে রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। মির্জা আজম এ অভিযোগ ভিত্তিহীন, কল্পিত ও বানোয়াট মন্তব্য করে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘প্রমাণ থাকলে জাতির সামনে উপস্থাপন করুন, নতুবা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’মির্জা আজম বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের লাখ লাখ তরুণের আদর্শ। তাঁরা জয়ের মতো সত্, শিক্ষিত ও আধুনিক মানুষ হতে চায়। মির্জা আজম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি মামলা থাকার উল্লেখ করে তারেক ও কোকোসহ সবার তীব্র সমালোচনা করেন।ফারুকের বহিষ্কার দাবি: ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল এক বিবৃতিতে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ তুলে জয়নাল আবদিনকে সংসদ থেকে বহিষ্কারের দাবি করেছেন। বিবৃতিদাতারা হলেন লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু, বলরাম পোদ্দার, শাহজাদা মহিউদ্দিন, সাইফুজ্জামান শিখর প্রমুখ।