সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি জাহান মণি’র নাবিকেরা ১৯ দিন পর আবার টেলিফোনে স্বজনদের সঙ্গে কথা বলেছেন। গতকাল শনিবার ও আগের দিন শুক্রবার রাতে তাঁদের মধ্যে কথাবার্তা হয়। এ সময় তাঁরা স্বজনদের জানান, জলদস্যুদের এক সপ্তাহের মধ্যে মুক্তিপণের টাকা দিতে হবে। অন্যথায় তাঁদের খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়া হবে।গত ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় উপকূল থেকে ২৬ বাংলাদেশি নাবিকসহ এমভি জাহান মণি জলদস্যুদের কবলে পড়ে। ১২ ডিসেম্বর তারা প্রথম জিম্মি নাবিকদের তাঁদের স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেয়। এ সময় নাবিকদের মুক্তির জন্য ৯০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি টাকা) মুক্তিপণ দাবির বিষয়টি প্রকাশিত হয়।জিম্মি নাবিকদের স্বজনদের সূত্রে জানা গেছে, জলদস্যুরা নাবিকদের তিন-চার মিনিটের বেশি কথা বলতে দেয়নি। গত দুই দিনে সামান্য যা কথা হয়েছে, তার মর্মার্থ হচ্ছে—আর মাত্র সাত দিন নাবিকদের খাবার দেওয়া হবে। এ সময়ের মধ্যে মুক্তিপণের টাকা না দিলে খাবার বন্ধ করে দেওয়া হবে এবং জিম্মিদের সঙ্গে আচরণ পরিবর্তন করা হবে।নাবিকেরা আরও জানান, জাহাজে যে জ্বালানি তেল আছে, তাতে বড়জোর সাত দিন চলবে। এরপর মুক্ত হলেও তাঁদের ফিরে আসার কোনো পথ থাকবে না। জাহাজে পানির সংকটও তীব্র। ১০-১২ দিন পর পর তাঁদের গোসল করতে দেওয়া হয়। ২৬ জন বন্দীকে কেবল একটি টয়লেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে। তাঁদের রাখা হয়েছে ওই টয়লেটের পাশের কক্ষে। ফলে দুর্গন্ধে ওই কক্ষে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ জন্য তাঁরা তাঁদের দ্রুত মুক্ত করার আবেদন করেন।স্বজনেরা নিরাপত্তার স্বার্থে তাঁদের এবং জিম্মি নাবিকদের নাম প্রকাশ করতে রাজি হননি। এক নাবিকের স্ত্রী বলেন, গতকাল বিকেল চারটা এবং শুক্রবার রাত নয়টায় তাঁর স্বামীর সঙ্গে দুই দফা কথা হয়েছে। প্রথমে সোমালিয়ার একটি নম্বর থেকে ফোন করে ওই নম্বরে ফোন করতে বলা হয়। এরপর ওই নম্বরে ফোন করে জিম্মি নাবিকের সঙ্গে কথা হয়। জিম্মিরা সাত দিনের মধ্যে তাঁদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে আকুতি জানান।আরেক নাবিকের স্ত্রী বলেন, শুক্রবার রাত নয়টার দিকে তাঁর স্বামীর সঙ্গে তিন মিনিট কথা হয়েছে। তিনিও সাত দিনের কথা জানিয়ে বলেন, জাহাজে খাবার ও পানির কষ্ট হচ্ছে। দ্রুত মুক্তিপণের টাকা দিতে জলসদ্যুরা পীড়াপীড়ি করছে।এ ছাড়া একজনের মা ও অন্য একজনের ভাই জিম্মি নাবিকের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন।এমভি জাহান মনির মালিক মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘জিম্মি নাবিকেরা তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন। আমরাও জলদস্যুদের সঙ্গে আলোচনা করছি। গত দুই দিনের আলোচনায় জলদস্যুরা কিছুটা নমনীয় হয়েছে। জাহাজের প্রধান প্রকৌশলী ও তাঁর স্ত্রীকে একটি আলাদা কক্ষ দিয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জলদস্যুরা শুরু থেকেই সাত দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে বলে আসছে। আসলে মুক্তিপণ আদায়ের জন্য এটি একধরনের চাপ।