সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি জাহান মণি’র জিম্মি নাবিকেরা ১৯ দিন পর আবার টেলিফোনে স্বজনদের সঙ্গে কথা বলেছেন। গতকাল শুক্রবার ও আজ শনিবার তাঁদের মধ্যে কথা হয়। এ সময় তাঁরা স্বজনদের জানান, জলদস্যুদের এক সপ্তাহের মধ্যে মুক্তিপণের টাকা দিতে হবে, অন্যথায় তারা তাঁদের খাওয়া-দাওয়া দেওয়া বন্ধ করে দেবে।গত ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় উপকূল থেকে ২৬ বাংলাদেশি নাবিকসহ এমভি জাহান মণি জলদস্যুদের কবলে পড়ে। ১২ ডিসেম্বর জলদস্যুরা প্রথম জিম্মি নাবিকদের তাঁদের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ করে দেয়। এ সময় নাবিকদের মুক্তির জন্য ৯০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি টাকা) মুক্তিপণ দাবির বিষয়টি প্রকাশিত হয়।জিম্মি নাবিকের স্বজনদের সূত্রে জানা গেছে, জলদস্যুরা নাবিকদের তিন-চার মিনিটের বেশি কথা বলতে দেয়নি। গত দুইদিনে সামান্য যা কথা হয়েছে তার মর্মার্থ হচ্ছে, আর মাত্র সাত দিন নাবিকদের খাবার দেওয়া হবে। এ সময়ের মধ্যে মুক্তিপণের টাকা না দিলে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হবে এবং জিম্মিদের সঙ্গে আচরণ পরিবর্তন করা হবে।নাবিকেরা আরও জানান, জাহাজে যে জ্বালানি আছে তাতে বড়জোর সাত দিন চলবে। এরপর মুক্তি পেলেও তাঁদের ফিরে আসার কোনো পথ থাকবে না। জাহাজে পানির সংকটও তীব্র। ১০-১২ দিন পরপর তাঁদের গোসল করতে দেওয়া হয়। স্বজনেরা নিরাপত্তার স্বার্থে তাঁদের এবং জিম্মি নাবিকদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। এক নাবিকের স্ত্রী বলেন, ‘গতকাল শুক্রবার রাত নয়টায় ও আজ বিকেল চারটায় তাঁর স্বামীর সঙ্গে দুই দফা কথা হয়েছে। প্রথমে সোমালিয়ার একটি নম্বর থেকে ফোন করে ওই নম্বরে ফোন করতে বলা হয়। এরপর ওই নম্বরে ফোন করে তাঁর স্বামীর সঙ্গে কথা হয়। তিনি সাত দিনের মধ্যে তাঁদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে আকুতি জানান।’ আরেক নাবিকের স্ত্রী বলেন, ‘শুক্রবার রাত নয়টার দিকে তাঁর স্বামীর সঙ্গে তিন মিনিট কথা হয়েছে। তিনিও সাত দিনের কথা জানিয়ে বলেন, জাহাজে খাবার এবং পানির কষ্ট হচ্ছে। দ্রুত মুক্তিপণের টাকা দিতে জলসদ্যুরা পীড়াপীড়ি করছে।এ ছাড়া একজনের মা এবং অন্য একজনের ভাই জিম্মি নাবিকের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন।এমভি জাহান মণির মালিক মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘জিম্মি নাবিকেরা তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন। আমরাও জলদস্যুদের সঙ্গে আলোচনা করছি। গত দুই দিনের আলোচনায় জলদস্যুরা কিছুটা নমনীয় হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জলদস্যুরা শুরু থেকেই সাত দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে বলে আসছে। আসলে মুক্তিপণ আদায়ের জন্য এটি এক ধরনের চাপ।