বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি (পিএসটিএন) র্যাংকসটেলের লাইসেন্স থাকবে কি না সে বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর র্যাংকসটেলের করা রিটের রুল নিষ্পত্তি করে এ রায় দেন। যদি র্যাংকসটেলের লাইসেন্স বাতিল করা হয়, তাহলে একজন প্রশাসক নিয়োগ দিতে আদালত নির্দেশনা দিয়েছেন। প্রশাসক গ্রাহকদের তালিকা বিটিআরসিতে জমা দেবেন। আদালতের নির্দেশনায় বলা হয়, প্রশাসকের মেয়াদ হবে ছয় মাস। তবে এ সময়ের মধ্যে র্যাংকসটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসক দায়িত্ব পালন করবে। প্রসঙ্গত, গত ১৯ মার্চ র্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২১ মার্চ এ ব্যাপারে হাইকোর্টে রিট আবেদন করেন র্যাংগস গ্রুপ ও র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরী। ওই দিনই আদালত র্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে বিটিআরসিসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। রুলের শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।