সাত পাকে বাঁধা পড়লেন বরুণ গান্ধী
আলোর রোশনাইয়ের সঙ্গে সানাইয়ের তান। ফুলে ফুলে শুভ লগ্নের জানান। এরই মধ্যে বরুণ গান্ধীর হাত পড়ে যামিনী রায় চৌধুরীর হাতে। বরুণ বাঁধা পড়েন সাত পাকে।এভাবেই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ রোববার বারানসির কামকোটেশ্বর মন্দিরে শুভ মন্ত্রোচ্চারণের মাধ্যমে বরুণ গান্ধী বিয়ে করেন যামিনী রায় চৌধুরীকে।আজ সকাল সাড়ে ছয়টায় শুরু হয় এই অনুষ্ঠান। মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই বিয়ের সব কাজ সম্পন্ন হয়ে যায়। শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতীর নেতৃত্বে একদল পুরোহিত বরুণ-যামিনীকে বিয়ের মন্ত্র পাঠ করান।বিয়ে উপলক্ষে মন্দিরের চারদিক সুন্দরভাবে সাজানো হয়। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য থেকে আসে কয়েক টন ফুল। বিয়ের অনুষ্ঠানে ছিল আলোর রোশনাই। আলোর সেই রোশনাইয়ে মাদকতা আনে বিসমিল্লাহ খানের জামাতা আব্বাস ও তাঁর সঙ্গীদের তোলা সানাইয়ের সুর।তবে নেহরু-গান্ধী পরিবারের ছোট ছেলে ও বিজেপির তরুণ নেতা বরুণ গান্ধীর বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন অতিথি ও আত্মীয়স্বজন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজীব গান্ধী পরিবারের কোনো সদস্য। বরুণের বিয়েতে রাজীবের কন্যা প্রিয়াঙ্কার সপরিবারে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আর রাহুল গান্ধী পা মচকে এখন শয্যাশায়ী।বিয়ে উপলক্ষে গত শনিবারই বরুণ গান্ধী ও যামিনী রায় চৌধুরীর পরিবারের লোকজন এসে উপস্থিত হয়েছিলেন বারানসিতে। উঠেছিলেন একটি হোটেলে। সেখানেই হয় গায়েহলুদ। তারপর মন্দিরে দুজনই যান পুজো ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করতে। জানা গেছে, আজই নবদম্পতি ফিরে যাবেন দিল্লি। এদিকে কয়েক দিন আগে নানির মৃত্যুর কারণে বরুণ গান্ধী পরিবারের পক্ষ থেকে দিল্লির ৮ মার্চের গ্র্যান্ড রিসেপশন বাতিল করা হয়েছে।