সাত বছর পর এক ছবিতে জোলি-পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি ভক্তদের জন্য সুসংবাদ, আবারও এক ছবিতে অভিনয়ের পরিকল্পনা করছেন এ তারকা জুটি। ই নিউজ এক খবরে জানিয়েছে, সম্প্রতি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন খোদ জোলি। সেই ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন জোলি-পিট। কাজ করতে গিয়ে প্রণয়ে জড়িয়েছিলেন হলিউডের বহুল আলোচিত তারকা জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এরপর টানা সাত বছর পেরিয়ে গেলেও দর্শকেরা ছবিতে এই জুটিকে আর একসঙ্গে দেখার সুযোগ পাননি। এ প্রসঙ্গে জোলি জানিয়েছেন, ‘আবারও একই ছবিতে অভিনয়ের পরিকল্পনা করছি আমি আর পিট। এ মুহূর্তে আমরা বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছি। ইতিমধ্যেই ছবির বিষয়বস্তুও প্রায় ঠিক করে ফেলেছি।’ জোলি আরও বলেছেন, ‘এ মুহূর্তে ছবিটি সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে এইটুকু বলতে পারি, এটা মিস্টার অ্যান্ড মিসেস স্মিথের মতো রোমান্টিক কমেডিধর্মী ছবি হবে না। আবারও এ ধরনের ছবিতে অভিনয় করলে ব্যাপারটা হাস্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এখন আমরা একে অপরের সঙ্গী। আর বাস্তব জুটির কর্মকাণ্ড রুপালি পর্দায় তুলে ধরার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।’ ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন রোমান্টিক কমেডি ছবি মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ পরিচালনা করেছিলেন ডগ লিম্যান। ছবিটিতে বিবাহিত দম্পতির একঘেয়ে জীবনকে তুলে ধরা হয়েছে। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন পিট এবং জোলি।