সাত বছর পর গ্রেপ্তার প্রধান আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের বেশি সময় পর গ্রেপ্তার হয়েছেন বরিশালের মানবাধিকারকর্মী দিলরুবা হক ওরফে পাপিয়া হত্যা মামলার প্রধান আসামি তাঁর স্বামী মামুন মোর্শেদ ওরফে তুহিন। গতকাল বুধবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাঁকে গ্রেপ্তার করে। ২০০৫ সালের ৪ নভেম্বর বরিশালের কোতোয়ালি থানায় মামুন মোর্শেদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।বরিশাল র‌্যাবের কমান্ডিং অফিসার মেজর মো. রাশেদ জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে নগরের ব্রজমোহন (বিএম) কলেজ রোডে মামুন মোর্শেদের নিজ বাসভবন হাসেম কুটিরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়।পুলিশের তথ্যমতে, ২০০৫ সালের ৩ নভেম্বর বরিশালে শ্বশুরবাড়িতে মারা যান দিলরুবা হক। তিনি মানবাধিকারকর্মী ছিলেন। বিভিন্ন সময়ে গণ সাহায্য সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র, কনসার্ন বাংলাদেশে কাজ করেছেন। মৃত্যুর আগে তিনি কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (সিডা) কর্মরত ছিলেন। মামলার পর থেকে আসামি মামুন মোর্শেদ পলাতক ছিলেন বলে জানিয়েছে র্যাব। মামলার এজাহারে সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বরিশালের মামুন মোর্শেদের সঙ্গে দিলরুবার বিয়ে হয়। মামুন মূলত তাঁর স্ত্রীর আয়ে চলতেন। বিয়ের পর থেকে ঘরজামাই হিসেবে থাকতেন। বিয়ের পাঁচ-ছয় মাস পর থেকেই মামুন স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে মামুন শ্বশুরবাড়ি ছেড়ে বরিশালে নিজের বাড়ি চলে যান। তবে তিনি মাঝেমধ্যে শ্বশুরবাড়িতে যাওয়া-আসা করতেন। এ সময় স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে টাকা নিয়ে যেতেন। পরিবারের ভাষ্যমতে, ২০০৫ সালের ১ নভেম্বর রাতে মামুন স্ত্রীকে প্রচণ্ড মারধর করেন। ২ নভেম্বর বিকেল তিনটায় আবার মারধর করেন এবং একপর্যায়ে মুখে বালিশ চাপা দেন। এ সময় দিলরুবার মা ও বড় বোন ঠেকাতে গেলে তাঁদের অকথ্য ভাষায় গালাগাল দেন। পরে স্ত্রী দিলরুবা ও মেয়ে সপ্তর্ষিকে নিয়ে বরিশালে বাবার বাসায় চলে যান। ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে বরিশালে শ্বশুরবাড়িতে দিলরুবা মারা যান। দিলরুবার পরিবারের অভিযোগ, লাশের ময়নাতদন্ত করতে চাইলে খেপে যান মামুন মোর্শেদ। একপর্যায়ে দিলরুবার পরিবারকে হুমকি দিয়ে বরিশাল থেকে তাড়িয়ে দেন। এ থেকে ধারণা করা হয়, দিলরুবা হককে হত্যা করা হয়েছে। পরদিন ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা থেকে আইন সালিশ কেন্দ্র, বরিশাল মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ মহিলা পরিষদের উপস্থিতিতে কোতোয়ালি থানায় মামলা করা হয়। বাদী পাপিয়ার বড় বোন মাহবুবা হক। মামলায় দিলরুবার স্বামী ছাড়াও তাঁর শাশুড়ি ও ননদকে আসামি করা হয়। বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ওই সময় দিলরুবা হকের হত্যা মামলাটি চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা হয়। আসামি মামুন মোর্শেদকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র মামলাও করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।