সাত বছর পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ রাসেল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।এদিকে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ রোববার ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন ও মিষ্টি বিতরণ করেন।গত বছরের ২৬ জুন আহমেদ আলীকে সভাপতি ও আবু হুসাইনকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু তখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সাত বছর আগে ইব্রাহীম হোসেনকে সভাপতি ও আয়েন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন জানান, মেধা, যোগ্যতা, দলের প্রতি আনুগত্যসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে স্বচ্ছতার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সবার সহযোগিতায় ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করাসহ সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাবে। ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ছাত্রলীগের নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।