সাত বছর পর ছাত্রীনিবাসের দখল ছাড়ল ছাত্রশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাজী মুহম্মদ মুহসীন কলেজে একটি ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছিল সাত বছর আগে। কিন্তু সেই ছাত্রীনিবাসে কখনো কোনো ছাত্রী থাকার সুযোগ পাননি। ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকারের সময় ছাত্রীনিবাসটি দখল করে নেয় ছাত্রশিবির। কলেজ সূত্র জানায়, তখন কলেজটির প্রশাসন ছিল শিবিরের জন্য অনুকূলে। ভবনের সীমানাপ্রাচীর ও হাউস টিউটরের আবাসিক ভবন তৈরির আগেই ছাত্রশিবির তাদের শতাধিক নেতা-কর্মীকে ওই ভবনে তুলে দেয়। এর পর থেকে ওই ভবনটি দখল করে রেখেছিল ছাত্রশিবির। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস, চকবাজারসহ আশপাশের এলাকায় বোমাবাজি ও পুলিশের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজের শিবিরের নেতা-কর্মীরা জড়িত ছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়। এ কারণে চলতি মাসে পুলিশ মুহসীন কলেজের ওই ভবনে দুই দফা অভিযান চালিয়ে শিবিরের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে, যাঁদের মধ্যে ১৭ থেকে ১৮ জনই শিবিরের সাথি। পুলিশের একাধিক অভিযানের পর ওই ভবনটি ছেড়ে সটকে পড়ে শিবির। ওই ভবনের তত্ত্বাবধায়ক নুর নবী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও র‌্যব অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে। এরপর ভবনটি ছাত্রশূন্য হয়ে পড়েছে।’জানতে চাইলে মুহসীন কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশ ছাত্রী। ছাত্রীদের সমস্যা বিবেচনা করেই ১০০ আসনের ওই ছাত্রীনিবাস বানানো হয়েছিল। কিন্তু সীমানাপ্রাচীর ও হাউস টিউটরের ভবন বানানোর আগেই সেখানে ছাত্রদের ওঠানো হয়।’ অধ্যক্ষ আরও বলেন, মন্ত্রণালয় অনুমতি দিলেই ওই ভবনে ছাত্রীদের ওঠানো যাবে। সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আধিপত্য ধরে রাখতে এ দুটি কলেজের ছাত্রাবাসগুলোকে ‘ঘাঁটি’ বানিয়েছে ছাত্রশিবির। ২০০০ সালের জুলাইয়ে নগরের বহদ্দারহাটে সংঘটিত আট খুনের পরিকল্পনা হয় চট্টগ্রাম কলেজের একটি ছাত্রাবাসে, যা পুলিশি তদন্তে বেরিয়ে আসে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মুহসীন কলেজের একটি ছাত্রীনিবাসে ছাত্ররা থাকছে সাত বছর ধরে। ওই ভবনে অবস্থানকারীদের মধ্যে অনেকে সাম্প্রতিক কালে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা ও বোমাবাজি মামলার আসামি। আমরা ওই ভবন থেকে তাদের গ্রেপ্তার করেছি।’ তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষের উচিত এখন সেখানে ছাত্রীদের থাকার ব্যবস্থা করা।