সাত বছর পর ঢাকা-চরফ্যাশন রুটে লঞ্চ চলাচল শুরু
ভোলার চরফ্যাশনের বেতুয়া-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হওয়ায় চরফ্যাশন বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ফলে উপজেলার ছয় লাখ মানুষের ভোগান্তির অবসান হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৩ সালের ২৩ অক্টোবর চরফ্যাশনের বেতুয়া থেকে ঢাকা রুটে তিনটি যাত্রীবাহী লঞ্চ চালু হয়। জোট সরকারের আমলে লঞ্চ ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল-মামুনের হস্তক্ষেপে ওই বছরের ৮ ডিসেম্বর জোরপূর্বক চরফ্যাশনের ছয় লাখ মানুষকে যোগাযোগসুবিধা থেকে বঞ্চিত করে চরফ্যাশন-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে চরফ্যাশনের সর্বস্তরের মানুষ ‘সংগ্রাম পরিষদের’ ব্যানারে পুনরায় লঞ্চ চালুর দাবিতে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখে। স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আবার লঞ্চ চালুর আশ্বাস দিলেও দীর্ঘ সাত বছর এই রুটে লঞ্চ ঢুকতে পারেনি। গত ১০ সেপ্টেম্বর থেকে এমভি টিপু-৪ ও এমভি ফারহান-২ নামের দুটি লঞ্চ এই রুটে চলাচল শুরু করেছে।চরফ্যাশন থেকে ঢাকাগামী যাত্রী শাহে আলম, আবু তাহের ও নুরুজ্জামানের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, চরফ্যাশন থেকে ৭০ কিলোমিটার সড়কপথে ভোলায় গিয়ে লঞ্চে উঠে ঢাকায় যেতে হতো। এখন তাঁরা সহজে চরফ্যাশন থেকেই ঢাকার লঞ্চে উঠতে পারেন। এতে সময় ও খরচ দুটোই বাঁচে।চরফ্যাশনের বেতুয়ার মাছ ব্যবসায়ী এমরান সিকদার ও নূরে আলম দালাল জানান, মেঘনার ইলিশ সহজেই তাঁরা ঢাকার মোকামে পাঠাতে পারেন। ঝুড়িপ্রতি এক হাজার টাকা খরচ সাশ্রয় হয়েছে। বেতুয়ার ঘাট শ্রমিকনেতা সাহাবুদ্দিন জানান, লঞ্চঘাটে প্রায় ২০০ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন লঞ্চ না থাকায় তাঁদের মানবেতর জীবনযাপন করতে হয়েছে। ‘চরফ্যাশন নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন কমিটি’র আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিয়াজী বলেন, ‘দীর্ঘ সাত বছর চরফ্যাশনের ছয় লাখ জনগণকে ভোগান্তির মধ্যে রেখেছিলেন গিয়াস উদ্দিন আল মামুন। তাঁর ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য এই রুটে তিনি লঞ্চ ঢুকতে দেননি। বর্তমান সরকার জনগণের সুবিধার জন্য লঞ্চ চালু করায় আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি।’চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল বাস্তবায়িত হলো। চরফ্যাশনের ব্যবসায়ীদের মালামাল পরিবহনসহ যাত্রীদের চলাচলের পথ সহজ হয়েছে।’ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘বিএনপি সরকারের আমলে চরফ্যাশনের যাত্রীদের দুর্ভোগে ফেলে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে যাত্রী ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে ঢাকা-বেতুয়া রুটে লঞ্চ চলাচল চালু করা হয়েছে।’