সাত বছরেও আলোচিত ৫ খুনের কিনারা হয়নি
একটি জোড়া খুনসহ রাজধানীর আলোচিত পাঁচ হত্যাকাণ্ডের দীর্ঘদিন ধরে কিনারা হচ্ছে না। অন্তত তিনটি হত্যার তদন্তই শেষ হয়নি। এ কারণে আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়নি। এ নিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলোতে সৃষ্টি হয়েছে নিদারুণ ক্ষোভ ও হতাশা।পাঁচ খুনের মধ্যে তিনটি ঘটেছে সাত বছরের কিছু বেশি আগে। বাকি দুটিও সাত বছর হতে চলেছে। এ দীর্ঘসূত্রতার পেছনে অন্যান্য প্রতিবন্ধকতার পাশাপাশি তদন্তে পুলিশের আগ্রহের অভাবের অভিযোগ করেছে বাদীপক্ষ।আলোচিত ওই হত্যাকাণ্ডগুলো হচ্ছে: সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা বেগম (৫০) ও তাঁর একমাত্র মেয়ে শারমিন সুলতানা, সাবেক মন্ত্রী আকবর হোসেনের গৃহকর্মী বিলকিস বেগম, ধানমন্ডিতে শিক্ষিকা সুহিন নাহার (৫১) এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম।এর মধ্যে দুটি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলার মনিটরিং সেলে রয়েছে।বাদী স্বামীর বক্তব্য ‘উপেক্ষা’: ২০০৪ সালের ১৬ ডিসেম্বর বারিধারায় নিজের ফ্ল্যাটে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা বেগম ও তাঁর মেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শারমিন সুলতানা।টাকা ও অলংকার লুট করতেই ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা দাবি করলেও বাদীর অভিযোগ, স্কুল ব্যবস্থাপনা কমিটির বিরোধই এই জোড়া খুনের কারণ। গুলশান থানায় নিহত সাবেরার স্বামী শামসুল আলম মিয়ার দায়ের করা মামলায় নয়জনকে আসামি করা হয়। এতে বলা হয়, স্কুল ব্যবস্থাপনা কমিটির বিরোধের জের ধরে নিরাপত্তাকর্মীসহ বাড়ির কয়েকজন কর্মীর যোগসাজশে সাবেরা ও তাঁর মেয়েকে খুন করা হয়। তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিকুজ্জামানের ছেলে তপন, জাহিদ চৌধুরী পবন, স্কুলের সাবেক শিক্ষক আবুল বাশার, বাড়ির তত্ত্বাবধানকারী ও তিন নিরাপত্তাকর্মী এবং দুই গৃহকর্মীকে মামলায় আসামি করা হয়। পুলিশ এদেরসহ ১২ জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে বাড়ির তত্ত্বাবধানকারী ওমর ফারুক ও নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরকে অভিযুক্ত করে গত বছর মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দিয়েছিল। কিন্তু বাদী অনাস্থা জানিয়ে নারাজি পিটিশন দিলে আদালত অভিযোগপত্র গ্রহণ না করে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) অধিকতর তদন্তের নির্দেশ দেন। সম্প্রতি ডিবি পুলিশও ওমর ফারুক ও জাহাঙ্গীরকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে।কিন্তু মামলার বাদী শামসুল আলম মিয়া প্রথম আলোকে বলেছেন, তাঁর বাসা থেকে টাকা ও অলংকার লুট হয়নি। তিনি অভিযোগ করেন, মামলা তদন্তে পুলিশ আন্তরিক ও আগ্রহী নয়। প্রভাবশালী মহলের প্রভাবে অভিযুক্ত সাতজনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবীর মাধ্যমে আপত্তি করেছেন। আগামী মার্চে এর শুনানি ধার্য হয়েছে বলে শামসুল আলম জানান। তাঁর দাবি, তদন্তকারী কর্মকর্তাদের গাফিলতির কারণেই এখনো ন্যায়বিচার পাননি।এ ব্যাপারে মামলার তদারকি কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, বাদীর ‘অনুমাননির্ভর’ বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রভাষক খুনে গ্রেপ্তার নেই: ২০০৫ সালের ২৩ আগস্ট ধানমন্ডি ৬/এ সড়কের এক ফ্ল্যাট বাড়িতে গলা কেটে খুন করা হয় লালমাটিয়া মহিলা কলেজের সাবেক শিক্ষিকা সুহিন নাহারকে। তাঁর ভাই স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা কাজী শহীদুল আলম বাদী হয়ে গৃহপরিচারক শরীফকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় বলা হয়, পরিচারক শরীফ সহযোগীদের নিয়ে সুহিন নাহারকে হত্যা করে নগদ টাকা, অলংকার ও মালামাল নিয়ে গেছে।মামলার বাদী কাজী শহীদুল আলম প্রথম আলোকে বলেন, সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে তিনি ২০০৫ সালে স্বরাষ্ট্রসচিবের কাছে দুই দফা আবেদন করেছিলেন। মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার অপারেশন কর্মকর্তা জাহিদুর রহমান জানান, ছয় বছর ধরে পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে, গৃহপরিচারক শরীফ টাকা ও অলংকার লুট করতে সুহিন নাহারকে গলা কেটে হত্যা করে। শরীফের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। খুনিকে গ্রেপ্তার করতে না পারায় মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। কিছুদিন আগে মামলাটি ডিবিতে দেওয়া হয়েছে।খোলেনি মন্ত্রীর বাসায় খুনের জট: ২০০৪ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন নৌপরিবহনমন্ত্রী আকবর হোসেনের গুলশানের সরকারি বাসায় জবাই করে হত্যা করা হয় গৃহকর্মী বিলকিস বেগমকে। প্রয়াত আকবর হোসেনের বাড়ির কর্মচারী কবীর হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে আসামি হিসেবে কারোর নাম উল্লেখ করা হয়নি। তবে পুলিশ নিহত বিলকিসের ছেলে শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে চার দফায় রিমান্ডে নেয়। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) রওনকুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, আকবর হোসেন তদন্তকারীদের সহযোগিতা না করায় তখন হত্যারহস্য উদ্ঘাটিত হয়নি। এখন এ ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে শাহীন তাঁর মাকে খুন করেননি—সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।তদন্ত কর্মকর্তা জানান, সিআইডি গত বছরের মে মাসে আকবর হোসেনের স্ত্রী ও ছেলে ফয়সাল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলের অন্তর্ভুক্ত। আগামী সভায় এ মামলার করণীয় নিয়ে আলোচনা হবে।গৃহকর্মী বিলকিসের ছেলে শাহীন ফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়ার পর তাঁর শিপিং করপোরেশনের নিরাপত্তাকর্মীর চাকরিটি চলে গেছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।আইনজীবীর হত্যাকারীও অন্ধকারে: ২০০৫ সালের ১৭ মে সন্ত্রাসীরা ঢাকা মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও আইনজীবী খোরশেদ আলম ওরফে বাচ্চুকে পূর্ব তেজকুনীপাড়ার বাসার কাছে গুলি করে হত্যা করে। পরদিন খোরশেদ আলমের স্ত্রী জাহান আক্তার বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। তবে এজাহারে আসামি হিসেবে কারও নাম ছিল না। এ পর্যন্ত ১১ বার এ মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। সর্বশেষ গত বছরের মার্চে মামলার তদন্তভার দেওয়া হয় ডিবি পরিদর্শক আনিছুর রহমানকে।প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিচারপ্রার্থী স্ত্রী জাহান আক্তার। তিনি অভিযোগ করেন, দলীয় লোকজন এই খুনের সঙ্গে জড়িত। কিন্তু তারা প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ গ্রেপ্তার করে না। জাহান আক্তার চরম হতাশা জানিয়ে বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের দাাবিতে আওয়ামী লীগ হরতাল, অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি দিলেও তাঁর খোঁজখবর কেউ নেন না। মামলা তদারকি কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দলের কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে খোরশেদুল আলমকে খুন করা হয়। শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সহযোগীরা এ কাজ করেছে। তাদের মধ্যে দু-একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে মারা গেছে। আর বাকিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া ছাড়া পুলিশের বিকল্প কোনো পথ নেই।আরেক তদারকি কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সুলাইমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলের পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।মামলার সদ্য বিদায়ী তদন্তকারী ডিবি পুলিশের পরিদর্শক (বর্তমান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাহবুবুর রহমান বলেন, মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের কমিটির সভাপতির পদ পেতে আগ্রহী আওয়ামী লীগের নেতা আসগর আলী তাঁর সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যার পর থেকে তিনি পলাতক।