সাত বামুনের এক ঘর!
আর দশটা মানুষের সঙ্গে তাঁদের পার্থক্যটা কেবল আকৃতিতে। তবে আকৃতিতে অন্যদের চেয়ে খানিকটা ছোট হলেও এ নিয়ে মোটেও শঙ্কিত নন তাঁরা। ক্ষুদ্রাকৃতির পা-বিশিষ্ট বামুনদের সবচেয়ে বড় পরিবারটিই সম্ভবত যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বার্নসভেইলের জনস্টন দম্পতির। সাত সদস্যর এই পরিবারের খবরটি দিয়েছেন ডেইলি মেইল।গত শুক্রবার এবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে নিজেদের সম্বন্ধে বিস্তারিত বলেন এই বামুন দম্পতি। অনুষ্ঠানের সঞ্চালক বারবার ওয়াল্টার্সকে ট্রেন্ট জনস্টন বলেন, বিরূপ পরিস্থিতিতেও সন্তানদের জন্য ভিন্ন এক জগত্ গড়েছেন তাঁরা। তাঁদের পরিবারের সবাই গড়পরতা চার ফুট লম্বা। এ অবস্থায় সন্তানদের পরিশ্রম লাঘবে আলমারির পাশে তাঁরা শোয়ার খাটগুলো রেখেছেন। তা ছাড়া বিভিন্ন বাল্বের সুইচের পাশে তাঁরা লাঠি রেখে দিয়েছেন।ট্রেন্ট জনস্টন ও অ্যাম্বারের প্রথম দেখা হয় একটি সম্মেলনে। এর চার বছর পর তাঁদের বিয়ে হয়। বিয়ের পাঁচ মাস পর অ্যাম্বার প্রসূতি হন।জনস্টনের জন্ম বামুন পরিবারেই। কিন্তু অ্যাম্বারের জন্ম বামুন পরিবারে নয়। সে সূত্রে তাঁরা আশা করেছিলেন, তাঁদের প্রথম সন্তান হবে লম্বা আকৃতির। তবে প্রথম সন্তান জোনাহর জন্মের সাড়ে সাত মাস পর তাঁরা বুঝতে পারেন প্রিয় সন্তানটিও বামুন প্রকৃতির হবে।কিন্তু এতে তাঁরা মন খারাপ না করে বরং খুশিই হয়েছেন। দ্বিতীয় সন্তান এলিজাবেথের জন্মই এ দম্পতির জন্য যন্ত্রণাদায়ক। তার উচ্চতা ছিল ৪৮ ইঞ্চি। তাঁদের ইচ্ছা ছিল পরিবার বড় করার। তবে এবার আর সে পথে যাননি তাঁরা। পরে তাঁরা সাইবেরিয়া থেকে এনা, দক্ষিণ কোরিয়া থেকে অ্যালেক্স ও চীন থেকে এমা নামে তিন শিশুকে দত্তক নেন।এবিসিকে বামুন দম্পতি বলেন, ক্ষুদ্রাকৃতির কারণে লোকজন তাঁদের অভিনেতা ব্রাডপিট ও অ্যাঞ্জেলিনা বলত।সন্তানদের লালন-পালনে তাঁরা কোনো সরকারি সাহায্য নেননি। নেননি কোনো ধরনের ঋণ। তাঁরা কেবল কাজ করেই অর্থ উপার্জন করেন। ট্রেন্ট বলেন, ‘আমরা নিজস্ব আয় দিয়েই চলছি। আমরা নিজেরাই সবকিছু করার চেষ্টা করি।’অ্যাম্বার বলেন, খুব কমসংখ্যক লোকই আছে, যারা প্রকৃত অর্থে অক্ষম। কিন্তু আমাদের পরিবার সেটা নয়। অ্যাম্বার মূলত ঘরোয়া কাজই করেন। তিনি শিক্ষক সংস্থা কিংবা গার্ল স্কাউটের মতো কার্যক্রমে যুক্ত। অন্যদিক ট্রেন্ট একটি কলেজের সুপারভাইজার হিসেবে কাজ করেন। অ্যাম্বার বলেন, ‘কেউ কেউ নানা ধরনের কথাবার্তা বললেও এ নিয়ে মাথা ঘামাই না। তবে সন্তানদের নিয়ে কথাবার্তা বললে বিরক্ত হন তাঁরা।’ অ্যাম্বারের দাবি, ঈশ্বর তাঁকে ভালোবেসে এ আকৃতি দিয়েছেন। তাই ট্রেন্টও তাঁকে এমনভাবে ভালোবাসেন।