সাত বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি সরবরাহব্যবস্থা নিশ্চিত না হওয়ায় এ বছর সাতটি নতুন বিদ্যুৎকেন্দ্রে সময়মতো বিদ্যুৎ উৎপাদন শুরু অনিশ্চিত হয়ে পড়েছে। এই সাতটি কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ৪৫০ মেগাওয়াট। আগামী মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন সময়ে এই কেন্দ্রগুলো চালু হওয়ার কথা।কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় এসব কেন্দ্রে জ্বালানি তেল সরবরাহের জন্য পরিকল্পনা অনুযায়ী রেললাইন স্থাপন, প্রয়োজনীয় লোকোমোটিভ ও ওয়াগন সংগ্রহ করতে না পারায় কেন্দ্রগুলো চালু হওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে বিদ্যুৎসংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও।বিষয়টি নিয়ে গতকাল রোববার এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহের বিষয় তদারকির জন্য ছয় সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জ্বালানি সরবরাহের বিষয়ে ৯ ফেব্রুয়ারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে সভায় বলা হয়েছে। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকও উপস্থিত ছিলেন।যোগাযোগ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠিত তদারক কমিটির সদস্যরা হলেন বিদ্যুৎ ও রেল বিভাগের একজন করে যুগ্ম সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, পিডিবি ও বিপিসির দুই চেয়ারম্যান।সভায় উপস্থাপিত তথ্য ও আলোচনার সূত্র থেকে জানা গেছে, সাতটি কেন্দ্রের মধ্যে আগামী মার্চ মাসে চালু হবে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র। এটির জন্য প্রতি মাসে জ্বালানি (এইচএফও) লাগবে পাঁচ হাজার ৬৩৮ মেট্রিক টন। এই তেল সরবরাহ করার জন্য দেড় কিলোমিটার দীর্ঘ ‘রেল সাইড লাইন’ নির্মাণ করতে হবে। এ জন্য কেবল দরপত্র আহ্বান করা হয়েছে। এপ্রিল মাসে রাজশাহীর কাটাখালীতে চালু হবে ৫০ মেগাওয়াটের একটি কেন্দ্র। এর জন্য জ্বালানি লাগবে প্রতি মাসে পাঁচ হাজার ১৫৫ মেট্রিক টন। এ জন্যও এক হাজার ২০০ ফুট রেল সাইড লাইন নির্মাণ করতে হবে। এই কাজেরও দরপত্র আহ্বান করা হয়েছে।আগামী আগস্ট মাসে ফরিদপুরে চালু হবে ৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র। এ জন্য প্রতি মাসে ফার্নেস তেল লাগবে ছয় হাজার ১৭৫ মেট্রিক টন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কার্যক্রম নেওয়া হয়নি। একই সময় চট্টগ্রামের দোহাজারীতে চালু হবে ১০০ মেগাওয়াটের একটি কেন্দ্র। এর জন্য প্রতি মাসে ফার্নেস তেল লাগবে ১১ হাজার ৩১৬ মেট্রিক টন। এই তেল সরবরাহে পতেঙ্গা থেকে দোহাজারী পর্যন্ত রেললাইন পুনর্বাসনের (রিহ্যাবিলিটেশন) জন্য রেল বিভাগ ঠিকাদারের সঙ্গে কাজ করছে।আগামী সেপ্টেম্বর মসে হাটহাজারীতে চালু হবে ১০০ মেগাওয়াটের একটি কেন্দ্র। এ জন্য প্রতি মাসে ফার্নেস তেল লাগবে ১১ হাজার ৪৬০ মেট্রিক টন। এ ব্যাপারেও ফতেহাবাদ থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথ পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে রাজশাহীর কাটাখালী ও নওগাঁর সান্তাহারে প্রতিটি ৫০ মেগাওয়াট করে দুটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু হবে। কেন্দ্র দুটিতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও অগ্রগতি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে রেলপথ বিভাগ সূত্র জানায়।গতকালের সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের রেলপথ বিভাগ প্রয়োজনীয় রেলওয়ে সরঞ্জাম সংগ্রহের যে তথ্য দিয়েছে তাতে দেখা যায়, আগামী মে মাস নাগাদ কোরিয়া থেকে নয়টি ইঞ্জিন পাওয়া যাবে। ১১টি মিটারগেজ ইঞ্জিন কেনার জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। ২০১২ সালের ডিসেম্বর মাস নাগাদ এগুলো পাওয়া যেতে পারে। আগামী ১০ থেকে ১১ মাসের মধ্যে আরও ১০টি ব্রডগেজ ইঞ্জিন পাওয়া যাবে। ১০০টি মিটারগেজ ট্যাংক ওয়াগন কেনার জন্য দরপত্র প্রক্রিয়া শুরু করা হয়েছে। ১৮০টি ব্রডগেজ ট্যাংক ওয়াগন ভারতীয় ঋণের অওতায় প্রক্রিয়া করা হয়েছে। এগুলো আগামী ডিসেম্বর মাস নাগাদ পাওয়া যেতে পারে।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, গতকালের বৈঠকে দেওয়া তথ্য অনুযায়ী এ কথা স্পষ্ট যে এই বছরের মধ্যে যেসব বিদ্যুৎকেন্দ্র চালু হবে, সেগুলোতে রেলপথে জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় অগ্রগতি নেই।রেলওয়ে সূত্র জানায়, এই সাতটি কেন্দ্র যখনই চালু হবে, তখন প্রতি মাসে রেলযোগে সরবরাহ করতে হবে ৫২ হাজার ২৪৪ হাজার মেট্রিক টন করে ডিজেল ও ফার্নেস তেল। এই তেল পরিবহনের জন্য প্রায় ৮০০ নতুন ট্যাংক ওয়াগন ও ১০টি বাড়তি ইঞ্জিনের দরকার হবে। বর্তমানে তেল পরিবহনের জন্য পূর্বাঞ্চলের রেলের কাছে ট্যাংক ওয়াগন আছে ৬০০টির মতো। কিন্তু সব সময় ৫০০টির মতো সচল পাওয়া যায়। প্রতি ট্যাংকে ২৫ থেকে ২৯ মেট্রিক টন তেল পরিবহন সম্ভব।বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা জ্বালানি তেল মজুদ করার ক্ষেত্রেও সমস্যা রয়েছে। বিপিসি সূত্র জানায়, এখন পর্যন্ত ২৭টি বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা বাড়তি তেলের মজুদ গড়ে তুলতে দেশে জ্বালানি তেল মজুদের ক্ষমতা দুই বছরের মধ্যে বর্তমানের চেয়ে দ্বিগুণ করতে হবে। অথচ গত ২০ বছরে বিপিসির তেল মজুদক্ষমতা খুব বেশি হলে ২০ হাজার টন বাড়ানো গেছে। কাজেই এই পরিস্থিতি মোকাবিলা করাও কঠিন হবে।