নারীরা এখন উত্তরাধিকার সম্পত্তিতে সমাধিকার নিয়ে আন্দোলন করছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে আগ্রহী ছিলাম না। কারণ, বাবা অথবা স্বামীর সম্পত্তি আমার অর্জন নয়! প্রাপ্তি আর অর্জন এক বিষয় নয়! এ দেশের নারীরা হয় বাবার, না-হয় শ্বশুর-স্বামী বা ছেলের বাড়িতে জীবন কাটায়। নারীর কোনো নিজের বাড়ি হয় না, থাকতে নেই! আমি যখন নবম শ্রেণীতে পড়ি, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা পড়েছিলাম। সুবর্ণের স্বপ্ন ছিল—নতুন বাড়িতে একটি খোলা বারান্দা হবে, খোলা আকাশ দেখবে, রাস্তার মানুষ দেখবে! কিন্তু সুবর্ণের সেই স্বপ্ন তার স্বামী পূরণ হতে দেয়নি! অনেক কেঁদেছিলাম সুবর্ণের স্বপ্ন ভাঙার জন্য!সেই থেকে আমার স্বপ্ন দেখা শুরু—আমার নিজের একটি বাড়ি হবে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি নিজেকে গড়ে তুলি। পড়াশোনা শেষ করে কাজ শুরু করি একজন গবেষক হিসেবে। আমার সেই কষ্টার্জিত টাকা দিয়ে প্রথমে জমি কিনি উত্তরায় ১৯৯৪ সালে। সেই জমিটি তখনো বাড়ি করার উপযুক্ত ছিল না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, একটি ফ্ল্যাট কেনার। আমি আমার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে ফ্ল্যাট কেনার কথা আলাপ করি। আমার সেই বন্ধুরা সাত বোন, তাদের একটি জমি ছিল সিদ্ধেশ্বরীতে, উত্তরাধিকার সূত্রে পাওয়া। বন্ধু আমার পরিকল্পনা শুনে প্রস্তাব দিল, তাদের সেই জমিতে আমাকে অংশ নিতে। টাকার জন্য তারা সেই জমিতে বাড়ি করতে পারছিল না। মোট আটটি ফ্ল্যাট হবে। আমি যদি একটি ফ্ল্যাটের জন্য জমি ও ফাউন্ডেশন বাবদ পাঁচ লাখ টাকা দিই, তাহলে তাদের পক্ষে কাজ শুরু করা সম্ভব। মৌখিক চুক্তি অনুযায়ী, সব টাকা আমার বন্ধুকে দিই এবং ফ্ল্যাটের বাকি কাজ করে নেব আমার টাকায়। ১৯৯৯ সালে পাঁচ লাখ টাকা দিই কোনো দলিল ছাড়া! ২০০২ সালে আমি ফ্ল্যাটের কাজ শুরু করি। সে সময় আমি একটি চুক্তিপত্র করি, যাতে করে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের পদ্ধতিটা সহজ হয়। আমার ফ্ল্যাটের ৮০ শতাংশ কাজ সমাধা করার পর শুরু হলো পুরুষতান্ত্রিক নাটক!আমাকে বলা হলো, ‘তোমাকে ফ্ল্যাট দেওয়া হবে না।’ আমি কারণ জানতে চাইলে উত্তর দিল, ‘তুমি বিয়ে করো নাই, তাই।’ আমি উত্তর দিলাম, ‘টাকা নেওয়ার সময় আপনারা সেটা জানতেন না?’ আমাকে উত্তর দিল, ‘আমাদের আব্বার আদেশ, তাই।’ আমাকে ফ্ল্যাটের কাজ করতে দেওয়া হলো না, মিস্ত্রিসহ বের করে দেওয়া হলো। আমি গেলাম রমনা থানায়, জিডি করলাম এবং পুলিশ নিয়ে আবার এলাম। তারা পুলিশকে নয়ছয় বলে বিদায় করল। পুলিশ সব বুঝতে পেরে আমাকে বলল, ‘আপনি কোর্টে যান। এরা খুব খারাপ লোক।’আমি বুঝে গেলাম, এ সমাজের পুরুষতান্ত্রিক অশুভ মনোভাবের নাগপাশ থেকে আমার মুক্তি নেই! আমি অপমান আর কষ্ট নিয়ে ভাবতে শুরু করলাম, আমার কী করণীয়! এরই মধ্যে জানতে পারলাম, আমার ফ্ল্যাটটি তারা দিয়েছে তাদের মেজর ভাইকে! আমি অভিযোগ জানালাম সেনাবাহিনীতে। তদন্ত করার জন্য সেনাবাহিনী থেকে লোক এল আমার অফিসে। আমার সব সহকর্মী সাক্ষী দিল। সব শুনে সেই তদন্ত কর্মকর্তা আমাকে সান্ত্বনা দিলেন, শাস্তি হবে। কিছুদিন পর জানলাম, বাবা মিথ্যা সাক্ষী দিয়ে তার ছেলের চাকরি বাঁচিয়েছেন! অতঃপর আমি গেলাম বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট)। দীর্ঘ সালিসের পর আমি ফ্ল্যাটের দখল পেয়েছিলাম ২০০৬-এর এপ্রিলে। এমনকি ব্লাস্টের অনুরোধে তারা আমার ফ্ল্যাটে যে টাকা খরচ করেছিলেন, তা-ও দিতে রাজি হই। তারা কথা দিয়েছিল, আমাকে তিন মাস পর ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করে দেবে এবং যেদিন ফ্ল্যাট রেজিস্ট্রেশন হবে, সেদিনই আমি টাকা পরিশোধ করব। কিন্তু আজও সেই তিন মাস আর শেষ হয় না। আমার টাকা ব্যাংকে প্রস্তুত ছিল। উপরন্তু এখন আবার নতুন গান শুরু করেছে, সুদসহ টাকা ফেরত দিতে হবে!আমার ফ্ল্যাটের সবকিছু ভেঙে তার নিজের মতো করে সব অবৈধভাবে পুনর্নির্মাণ করেছিল। আমার বেডরুমের খোলা বারান্দা বন্ধ করে সেখানে বাথরুম করেছে! আমার আবার সুবর্ণের কথা মনে পড়ে যায়, চোখ ভেসে আসে! আমার আর খোলা আকাশ দেখা হলো না!সাত বোন পারুল, তাদের চম্পা ভাই, স্বামীরা এবং তাদের বাবার প্রতি রইল আমার চরম ঘৃণা আর করুণা! সাত বোন পারুল উত্তরাধিকার সূত্রে শুধু সম্পত্তিটুকু পেয়েছে, কোনো সম্পদ পায়নি। মানুষ হিসেবে আত্মমর্যাদা এবং আত্মশক্তি অর্জন করতে শেখেনি! শেখেনি কী করে সিদ্ধান্ত নিতে ও কথা রাখতে হয়। তারা শেখেনি কী করে একজন সচেষ্ট-স্বাবলম্বী নারীর কষ্টার্জিত টাকার সম্পত্তির অধিকার ফিরিয়ে দিতে হয়। সাত বোন পারুলের আছে বাবা, স্বামী, ভাই। কিন্তু আমার আছে শুধুই রবীন্দ্রনাথ, যিনি আমাকে আত্মশক্তি অর্জনের পথ শিখিয়েছেন। আমি তাই একা নই, আমার আরও আছে প্রীতিলতা। তাই যতদূর যাওয়ার আমি যাব। আমি এর শেষ দেখে ছাড়ব! সাত বোন পারুল জাগো।লুৎফা খানঢাকা