সাত ব্যাংকে ৩১ পরিচালক নিয়োগ
রাজনীতিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাবেক ব্যাংকার ও সরকারি কর্মকর্তাদের রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।রাজনীতিবিদদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতারা রয়েছেন। এঁদের কয়েকজন আগের দফায়ও পরিচালক ছিলেন। এ নিয়ে সমালোচিতও হয় সরকার।তবে এবার বেশির ভাগ পরিচালককেই নিয়োগ দেওয়া হয়েছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। অর্থাৎ সদ্য মেয়াদ শেষ হওয়া এক ব্যাংকের পর্ষদে যিনি ছিলেন, তাঁকেই এ দফায় নিয়োগ দেওয়া হয়েছে অন্য ব্যাংকে।ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যক্রমের সঙ্গে প্রকৌশলী বা চিকিৎসকদের পেশাদারিত্বের কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগের তুলনায় সরাসরি দলীয় নিয়োগ কিছুটা কমানো হয়েছে।যোগাযোগ করা হলে সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টদেরই রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে নিয়োগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, অনেক সাবেক ব্যাংকার রয়েছেন, যাঁদের ভাবমূর্তি ও সুনাম রয়েছে। নিয়োগের ক্ষেত্রে তাঁদের কথা প্রথমেই বিবেচনা করা যায়।সোনালী, অগ্রণী, জনতা, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বাংলাদেশ কৃষি ব্যাংক—এই সাত ব্যাংকে ৩১ জন পরিচালক নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে। সবাইকেই নিয়োগ দেওয়া হয়েছে তিন বছরের জন্য।সোনালী ব্যাংক: সোনালী ব্যাংকে এ দফায় নিয়োগ দেওয়া হয়েছে সাতজনকে। তাঁরা হলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. জায়েদ বখ্ত। সোনালী ব্যাংকেরই সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. এনামুল হক চৌধুরী, উইমেন চেম্বারের সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ। তিনি আগের বার বিডিবিএলের পরিচালক ছিলেন। আরও আছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক পরিচালক ও রাজবাড়ী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি নজিবর রহমান, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সম্পাদক শেখর দত্ত। এ ছাড়া রয়েছেন সরকারের তিন সাবেক যুগ্মসচিব মো. মাহবুব হোসেন, সাহেব আলী মৃধা ও কাজী তরিকুল ইসলাম।জনতা ব্যাংক: এ ব্যাংকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে পাঁচজনকে। তাঁরা হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক নাগিবুল ইসলাম। আগের বার তিনি অগ্রণী ব্যাংকের পরিচালক ছিলেন। সাবেক ব্যাংকার রমনী মোহন দেবনাথকে দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আগের বারও তিনি এ ব্যাংকেরই পরিচালক ছিলেন। রূপালী ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে এ ব্যাংকে। আরও রয়েছেন সাবেক এআইজি ও সমবায় নেতা সৈয়দ বজলুল করিম। তিনি আগের বার অগ্রণী ব্যাংকের পরিচালক ছিলেন। এ ব্যাংকে এ ছাড়া নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. আবু নাসের। অগ্রণী ব্যাংক: এ ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে আটজনকে। এর মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার। আগের বার তিনি জনতা ব্যাংকের পরিচালক ছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক আবদুস সবুরকে এবারও নিয়োগ দেওয়া হয়েছে এ ব্যাংকে। নিয়োগ পেয়েছেন রহীম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহীম। আগের বার তিনি বিডিবিএলের পরিচালক ছিলেন। নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা এম এ রউফ সরদার। এ ছাড়া রয়েছেন আলতাফ হোসেন মোল্লা, এ বি এম কামরুল ইসলাম, তথ্য প্রযুক্তি খাতের ব্যক্তি শামীম আহসান ও বিডব্লিউসিসিআই-এর সহসভাপতি ও নারী উদ্যোক্তা হাসিনা নেওয়াজ।বিডিবিএল: এ ব্যাংকে নিয়োগ পেয়েছেন পাঁচজন পরিচালক। তাঁরা হলেন আগের বারের পরিচালক দেওয়ান নুরুল ইসলাম এফসিএ। নিয়োগ পেয়েছেন রূপালী ব্যাংকের সাবেক পরিচালক কাজী মোরশেদ হোসেন কামাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আওয়ামী লীগের সমর্থক রুস্তম আলী আহমেদ এবং সিলেট জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন।বেসিক, রাকাব ও কৃষি ব্যাংক: বেসিক ব্যাংকে নিয়োগ পেয়েছেন দুজন। সিএ ফার্ম ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোম্পানির হিসাব বিজ্ঞানী এ কে এম কামরুল ইসলাম ও এ কে এম রেজাউর রহমান।রাকাবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে। তাঁরা হলেন ড. মদন মোহন দে ও মো. এবায়দুর রহমান প্রামাণিক। কৃষি ব্যাংকে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান হুমায়ুন। তিনি আগের বার বিডিবিএলের পরিচালক ছিলেন। ২০০৯ সালের ১২ এপ্রিল রাষ্ট্র মালিকানাধীন তিন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে অধিকতর কার্যকরী, দক্ষ ও পেশাভিত্তিক করতে একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউনটেন্ট, আর্থিক বাজার, মুদ্রানীতি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তি, সাবেক ব্যাংকার, আইনজ্ঞ, বেসরকারি খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও কমপক্ষে একজন নারী পেশাজীবী নিয়োগের কথা এতে বলা হয়। প্রজ্ঞাপনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পেশাজীবী শ্রেণীর প্রতিনিধিত্ব করার কথা বলা হলেও এবার তা দেখা যায়নি।এ দফায় ৩১ জনকে নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর পর্ষদে পদ শূন্য ৪৬টি। বাকিদের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।