চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার প্রাকযোগ্যতা যাচাই দরপত্রে সাতটি মানদণ্ড দেওয়া হয়েছিল। এসব মানদণ্ড পূরণকারী প্রতিষ্ঠানকেই কেবল প্রাকযোগ্য বিবেচনা করা হবে। অথচ মূল্যায়ন কমিটি দরপত্রে দেওয়া নিজেদের শর্তই মানেনি বলে অভিযোগ উঠেছে। অযোগ্য প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য বলে নির্বাচন করেছে তারা। অভিযোগ উঠেছে, সাতটি মানদণ্ডের চারটিই পুরোপুরি পূরণ করতে পারেনি সাইফ পাওয়ারটেক লিমিটেড। এই প্রতিষ্ঠানকেই কমিটি যোগ্য প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির অযোগ্যতাকে ছোটখাটো ত্রুটি বলে মূল্যায়ন কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে প্রায় ৫৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটি টার্মিনাল বেসরকারি খাতে পরিচালনার জন্য প্রথম দফায় ২০০৮ সালের ২৫ আগস্ট প্রাকযোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হয়েছিল। তখন আন্তর্জাতিক মানের চারটি প্রতিষ্ঠানকে যোগ্য বিবেচনা করে ২০০৯ সালের জুলাই থেকে তাদের কাছে দরপত্র বিক্রি শুরু হয়। প্রতিষ্ঠান চারটি হলো: নেদারল্যান্ডের এপিএম টার্মিনাল, হাচিনসন পোর্ট ইনভেস্ট লিমিটেড, দুবাইয়ের আইসিটিএসআই এবং যুক্তরাজ্যের পিঅ্যান্ডকিউ।কিন্তু আরও কিছু প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করতে নৌপরিবহন মন্ত্রণালয় আবার প্রাকযোগ্যতার দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেয়। সংসদীয় কমিটির এক সদস্যের নির্দেশে আগের প্রাকযোগ্যতা যাচাই দরপত্র দলিলের শর্তও শিথিল করা হয়। এভাবে চার দফায় দরপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়।সূত্র জানায়, প্রাকযোগ্যতার ৩২টি দরপত্র বিক্রি হয়েছিল। গত বছরের ১৫ ডিসেম্বর বক্স খুলে নয়টি প্রতিষ্ঠানের দরপত্র পাওয়া যায়। গত ৬ ফেব্রুয়ারি সই করা মূল্যায়ন প্রতিবেদনে সাতটি মানদণ্ড পূরণ করায় সিঙ্গাপুরভিত্তিক পিএসএ ইউরোপ প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়। সঙ্গে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে। এ বিষয়ে জানতে চাইলে মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও বন্দরের সদ্যবিদায়ী চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রাকযোগ্য দরপত্রের মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে মতামতসহ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’বন্দরের কর্মকর্তারা জানান, মূল্যায়ন প্রতিবেদনে কোনো আপত্তি থাকলে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে তা পুনর্মূল্যায়ন করতে হয়। মন্ত্রণালয় এটি অনুমোদন করলে সেটি নিজ দায়িত্বে করতে হবে।অভিযোগ উঠেছে, বিশেষ একটি প্রতিষ্ঠানকে যোগ্য নির্বাচন করতে দরপত্রের শর্ত সংশোধন করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও নৌমন্ত্রী ও বন্দর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দরপত্র সংশোধনে নিয়ম মানা হয়নি বলে প্রশ্ন তুলেছেন। চিঠিতে অর্থমন্ত্রী বলেন, ‘পুনর্দরপত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে মূল দরপত্রের শর্তাবলি হাস্যকরভাবে পরিবর্তন করা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে।’দরপত্রের সাতটি মানদণ্ড: দরপত্রের সাতটি মানদণ্ড হচ্ছে আবেদনকারীর ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ জোগাড়ের সামর্থ্য, ন্যূনতম ৪৫ মিলিয়ন ডলার সমমূল্যের প্রকৃত সম্পদ, ১০ অর্থবছরের মধ্যে অন্তত তিন বছর টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা, আবেদনকারী এবং যৌথ উদ্যোক্তাদের ক্ষেত্রে প্রত্যেকের দরপত্র দলিলের ৫.২.১-এ উল্লিখিত সব ধরনের দলিল সই ও জমা দেওয়া, প্রকল্প পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও ব্যবস্থাপনা কার্যক্রম চালিয়ে নিতে পর্যাপ্ত জনবল ইত্যাদি।বন্দর সূত্র জানায়, সাইফ পাওয়ারটেক দরপত্র দলিলের চার ও তিন নম্বর ফরম নোটারি করেনি, আবেদনকারীর একটি সহযোগী প্রতিষ্ঠান আয়কর ও মূল্য সংযোজন কর সনদ জমা দেয়নি। একইভাবে আবেদনকারীর একজন সহযোগী প্রতিষ্ঠান নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা দেয়নি।তিন সদস্যের আট আপত্তি: মূল্যায়ন কমিটির আহ্বায়ক আর ইউ আহমেদ লিখিত আপত্তিতে জানান, সাইফ পাওয়ারটেককে মূল্যায়নের ক্ষেত্রে তিনটি বিষয় ভাবা দরকার। এক. দরপত্র দলিলের শর্ত অনুযায়ী সাইফ পাওয়ারটেকের স্থানীয় অভিজ্ঞতা আন্তর্জাতিকমানের অভিজ্ঞ অপারেটর হিসেবে বিবেচনার সুযোগ নেই। দুই. বছরে এই টার্মিনালে ১০ লাখ টিইইউ (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) কনটেইনার ওঠানো-নামানোর কথা বলা হয়েছে। অথচ এই প্রতিষ্ঠান চার বছরে গড়ে মাত্র পাঁচ লাখ ৪০ হাজার টিইইউ কনটেইনার ওঠানো-নামানো করেছে। তিন. এই প্রকল্পে বিনিয়োগের খরচের (১৩৬ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় মুখ্য আবেদনকারী হিসেবে প্রতিষ্ঠানটির গত তিন বছরে প্রকৃত সম্পদ দেখানো হয়েছে যথাক্রমে ৬ দশমিক ২১, ১২ দশমিক ৫১ এবং ৩৩ দশমিক ৮২ শতাংশ। এসব বিষয় বিবেচনায় এই কোম্পানিকে প্রাকযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।কমিটির আরেক সদস্য নূরুল হক লিখিত আপত্তিতে চার নম্বর ফরম নোটারি না করা, প্রকৃত সম্পদ সম্পর্কিত আট নম্বর ফরমে দুই সহযোগী প্রতিষ্ঠানের সই না থাকা, ঋণ জোগাড়ের সক্ষমতার সপক্ষে তথ্যপ্রমাণ না থাকা এবং একটি সহযোগী প্রতিষ্ঠানের আয়কর ও মূল্য সংযোজন কর সনদ জমা না দেওয়ার বিষয়টি তুলে ধরেন। কমিটির আরেক সদস্য তাজুল ইসলামও আর্থিক সক্ষমতার বিষয়ে আপত্তি জানান। কমিটির অন্য তিন সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুল কুদ্দুস, বন্দরের প্রকল্প পরিচালক মো. খায়রুল মোস্তফা, নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন কোনো আপত্তি দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক মূল্যায়ন কমিটির একজন সদস্য টেলিফোনে প্রথম আলোকে বলেন, প্রায় এক হাজার কোটি টাকার এই প্রকল্প বাংলাদেশ প্রাইভেট সেক্টর ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইন (বিপিএসআইজি) অনুযায়ী পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়ে সরকারের ট্রানজিট দেওয়ার বিষয়টি এই প্রকল্প ভালোভাবে চালুর ওপর নির্ভর করছে। তাই এ প্রকল্পের ক্ষেত্রে কোনো শৈথিল্যতা দেখানো উচিত হবে না।মূল্যায়ন কমিটি সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে বন্দরের দুই কর্মকর্তা আপত্তি দেননি। তবে খায়রুল মোস্তফা এবং নাছির উদ্দিন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের যোগ্যতা বিবেচনা করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আমার করার কিছুই ছিল না।’