সাত মামলার একটিতেও জামিন পেলেন না বসুন্ধরার চেয়ারম্যান
অবৈধভাবে জমি ভরাট, ভয়ভীতি প্রদর্শন, প্লট হস্তান্তরে প্রতারণা, সাব্বির হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে দায়ের করাসহ পৃথক সাতটি মামলার একটিতেও জামিন পেলেন না বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ওরফে শাহ আলম। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আদালতে হাজির হয়ে সাতটি মামলায় আগাম জামিনের আবেদন করেন। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন না দিয়ে আগামী আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। পরে সরকার পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রথম আলোকে বলেন, সাত মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছিল। আদালত জামিন দেননি। এই সাত মামলার পাঁচটিতে শাহ আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আর দুটি মামলার অভিযোগও গুরুতর। এই বিবেচনায় আদালত জামিন না দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। শাহ আলমের আইনজীবী মেহেদী হাসান চৌধুরী বলেন, আদালত বসুন্ধরার চেয়ারম্যানকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে তাঁকে হয়রানি বা গ্রেপ্তার না করতেও হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। বসুন্ধরার চেয়ারম্যান আজ ১১টার দিকে আদালতে হাজির হন। এ সময় শেখ ফজলে নূর তাপস ও মেহেদী হাসান চৌধুরী তাঁর জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। সরকার পক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন।জানা গেছে, অবৈধভাবে মাটি ভরাট করে জমি দখলের প্রতিবাদ করায় ভাঙচুর ও হামলার অভিযোগে ২০০৬ সালের ১৭ নভেম্বর রতন চন্দ্র সরকার বাদী হয়ে বাড্ডা থানায় শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন। সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ প্রদানের অভিযোগে ২০০৮ সালের ৮ মে মামলা করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরমান আলী। জমি দখল ও অফিসে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০০৭ সালের ২৪ এপ্রিল আরেকটি মামলা করেন গাজী ওবায়দুল কবির। প্লটের টাকা পরিশোধের পরও তা হস্তান্তর না করার অভিযোগে ২০০৭ সালের ১৮ মার্চ বাড্ডা থানায় মামলা করেন এম এ মালেক। জমির সীমানা পিলার চুরি ও জায়গা থেকে উচ্ছেদের জন্য মাটি ভরাটের অভিযোগ এনে ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা থানায় মামলা করেন কাজী সারোয়ার হোসেন। সরকারি মালিকানাধীন গুরুত্বপূর্ণ খালসহ জলাশয় দখলের অভিযোগে প্রাকৃতিক জলাধার আইনে ২০০৭ সালের ৭ জুন মামলা করেন ডিবির পরিদর্শক সালাউদ্দিন। এ ছাড়া সীমানা পিলার চুরি, মাটি ভরাট ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা থানায় মামলা করেন হাজেরা পারভীন।এই সাতটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ওরফে শাহ আলম আজ হাইকোর্টে হাজির হয়ে জামিন চেয়েছিলেন।