বরগুনা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট
সাত মাস ধরে বিদ্যুৎ নেই প্রশিক্ষণার্থীদের দুর্ভোগ
বরগুনা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) সাত মাস ধরে বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রশিক্ষণার্থীদের ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে, দুটি আবাসিক হলের প্রশিক্ষণার্থীরা মারাত্মক ভোগান্তিতে আছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ১০ এপ্রিল বরগুনা পিটিআইয়ের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি অকোজো হয়ে যায়। ফলে ওই দিন থেকে পুরো ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত সাত মাসে ট্রান্সফরমারটি পুনঃস্থাপন না করায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। বরগুনা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে নির্জন এলাকায় বরগুনা পিটিআই অবস্থিত। রাতের বেলা গোটা এলাকা অন্ধকারে ডুবে যাওয়ায় আবাসিক হলগুলোতে বসবাসরত প্রশিক্ষণার্থীরা ভীতিকর পরিবেশে থাকেন। বিশেষ করে, বেগম রোকেয়া হলের নারী প্রশিক্ষণার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। প্রশিক্ষণার্থীরা জানান, বিদ্যুৎ না থাকায় ক্লাসের বৈদ্যুতিক পাখা চলে না। গরমে ক্লাস করতে সমস্যায় পড়তে হচ্ছে। বাথরুমে পানি না থাকায় দুর্ভোগে পড়তে হয়। বাথরুমগুলো নোংরা ও দুর্গন্ধময় হয়ে যায়। পিটিআইয়ের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ না থাকায় নিজস্ব জেনারেটর দিয়ে দৈনিক দুই ঘণ্টা পানি সরবরাহ করা হয়। এতে জেনারেটরের জ্বালানি বাবদ প্রতিদিন ব্যয় হয় এক হাজার টাকা। এই অর্থও সরকারিভাবে বরাদ্দ নেই। জানা গেছে, শিক্ষার্থীদের প্রশিক্ষণ বাবদ সরকারি বরাদ্দ থেকে এই অর্থ কেটে রাখা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বেগম রোকেয়া হলের কয়েকজন মেয়ে প্রশিক্ষণার্থী জানান, সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তখন সবার মধ্যে আতঙ্ক বিরাজ করে। পানির সমস্যার কারণে প্রায়ই বিপাকে পড়তে হয়। হিসেব করা পানি দিয়ে গোসলসহ দৈনন্দিন কাজকর্ম চালাতে হয়। অনেক সময় নিচের পুকুর থেকে তিনতলা পর্যন্ত পানি টেনে আনতে হয়। বিদ্যুৎ না থাকায় সাত মাস ধরে মোম জ্বালিয়ে রাতে পড়াশোনা চালাতে হচ্ছে। মুঠোফোনে চার্জ দিতে বাইরে যেতে হয়।জানা গেছে, ২০০৪ সালের জানুয়ারি মাসে চালু হওয়া এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে বর্তমানে প্রায় ২৫০ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। বেগম রোকেয়া ও শেরেবাংলা একে ফজলুল হক নামের ১০০ আসন করে দুটি আবাসিক হল রয়েছে এই ইনস্টিটিউটে। বরগুনা পিটিআইয়ের তত্ত্বাবধায়ক মোল্লা শাহীদুজ্জামান বলেন, ‘ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর আমরা বেশ কয়েকবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। গত মে মাসে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস) মো. নজরুল ইসলাম খান এখানে এলে তাঁর কাছে বিষয়টি উত্থাপন করি। তিনি বিষয়টি সমাধানের আশ্বাসও দিয়ে যান। আমরা চেষ্টা চালাচ্ছি যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করতে।’