সাত লাখ ২০ হাজার বেকারের কর্মসংস্থান হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিন বছরের মধ্যে সারা দেশে সাত লাখ ২০ হাজার বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং ঋণ-সহায়তার মাধ্যমে এ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।গতকাল বুধবার জাতীয় সংসদে সরকারি দলের আবদুল মজিদ খানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। রেওয়াজ অনুসারে প্রধানমন্ত্রী প্রতি বুধবার সংসদে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন। কিন্তু গতকাল রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। তবে প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা তিনটা ১০ মিনিটে অধিবেশন শুরু হয়। বিরোধী দলের সদস্যরা শুরুতেই অধিবেশনে যোগ দেন।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুসারে শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে মাধ্যমিক এবং এর ওপরের স্তরের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বেকারদের দুই বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শিগগির সারা দেশে এ কর্মসূচি চালু হবে। শেখ হাসিনা জানান, বিদেশের বাজারে কর্মসংস্থান বাড়ানোর জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর ফল হিসেবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, ওমান, কাতার, মালয়েশিয়া, রোমানিয়া, উজবেকিস্তান ও আজারবাইজান বেশিসংখ্যক শ্রমিক নিয়োগে আগ্রহের কথা জনিয়েছে।মাতৃভাষা ইনস্টিটিউট আইন প্রণয়নে কাজ চলছে: সরকারি দলের তহুরা আলীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের জন্য একটি আইন প্রণয়নের কাজ চলছে। ইনস্টিটিউটের কাজ শুরুর জন্য ১৮০ জনের জনবল-কাঠামো প্রস্তুত করা হচ্ছে। আইন অনুমোদন এবং জনবল নিয়োগের কাজ শেষ হলে এর পূর্ণাঙ্গ কাজ শুরু সম্ভব হবে। এ ইনস্টিটিউট বাংলা ভাষার আরও সমৃদ্ধি, প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করবে। বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ, বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণার কাজ করবে। গত ২১ ফেব্রুয়ারি এ ইনস্টিটিউট উদ্বোধন করা হয়।শেখ হাসিনা জানান, ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০১ সালের ১৫ মার্চ সেগুনবাগিচায় তত্কালীন আওয়ামী লীগ সরকার এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। পরে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে ২০০৩ সালের ১ অক্টোবর এর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। জোট সরকারের রাজনৈতিক সংকীর্ণতা ও প্রতিহিংসার রাজনীতির ফলে এ কাজে প্রায় ছয় বছর নষ্ট হয়েছে। একই সঙ্গে যে অর্থ দিয়ে পাঁচতলা ভবন নির্মাণ করা সম্ভব ছিল তা দিয়ে বর্তমানে তিনতলা ভবন করাই কঠিন হয়ে গেছে। পাঠ্যতালিকায় বঙ্গবন্ধুর ভাষণ: আওয়ামী লীগের সাংসদ নুরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে বিকৃত ও ভুল তথ্য এবং ইতিহাস সংশোধন করে সঠিক তথ্য ইতিহাসে সংযোজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং ১০ এপ্রিল জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।