সাত সন্দেহভাজন গ্রেপ্তার, সন্দেহে পারিবারিক বন্ধুও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় পেশাদার চার খুনিসহ সাত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আরেক সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব তথ্য জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জ্যেষ্ঠ স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুস্তাক আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, ‘এই সাতজনের মধ্যে চারজনের নাম যথাক্রমে রফিক, বকুল, মিন্টু ও সাইদ। এরা পেশাগত খুনি ও চিকিত্সক নারায়ণ চন্দ্র দত্তের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এ মামলায় খুনের দায়ে তাঁদের অভিযুক্ত করা হয়েছে, ঠিক তেমনি এদের সঙ্গে কর্মরত একজন গাড়িচালক কামরুলকে আটক করা হয়েছে।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনির বাড়ির পাহারাদার রুদ্র পলাশ ও হুমায়ূন ওরফে এনামুলকে এ খুনের মামলায় অপরাধী বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রুদ্র পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। হুমায়ূনকে এখনো আমরা ধরতে পারিনি। তবে তার পৈতৃক বাড়ি, আত্মীয়স্বজন, যেখানে সে যেতে পারে, লুকাতে পারে, থাকতে পারে, সব স্থান শনাক্ত করতে সক্ষম হয়েছি।’ এর বাইরে সাগর-রুনির পারিবারিক বন্ধু তানভীর সন্দেহের তালিকায় রয়েছে বলে জানান মন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধের আলামত আমরা পরীক্ষাগারে পরীক্ষা করেছি, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পরীক্ষাগারে পাঠিয়েছি, তারা পরীক্ষার মাধ্যমে অপরাধীদের ডিএনএ শনাক্ত করতে সক্ষম হয়েছে। এর ভিত্তিতেই যেসব অপরাধীর নাম বললাম, কিংবা এর বাইরে যদি কোনো ভিন্ন অপরাধীর নাম তদন্তে উদঘাটিত হয়, তাদের ডিএনএ বিচার-বিশ্লেষণ করে আমরা অকাট্যভাবে আদালতে নিয়ে যেতে সমর্থ হব।’ খুনের মোটিভ কী? সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তদন্ত করছি, তদন্ত চলাকালে এ বিষয়ে অতিরিক্ত কিছু বলা যাবে না। তদন্ত প্রক্রিয়ায় কোনো বাধা দেওয়া ঠিক হবে না।’ গ্রেপ্তার হওয়া খুনিরা পরপর দুটি খুন করল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুই বুঝতে পারল না, এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অপরাধী অপরাধ করে ক্ষান্ত হয় না। তবে এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তত্পর রয়েছে।’চারদলীয় জোট সরকারের সময়কার ‘জজ মিয়া’র মতো নতুন কোনো নাটক হবে কি না—এ প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমরা এখানে কোনো নাটক সাজাতে আসিনি। আমরা এটার সুষ্ঠু তদন্ত করব। জজ মিয়ার কোনো কথা আমি বলি নাই। তবে যেহেতু তার কথা এল, তাই বলছি, জজ মিয়ার মতো কোনো নাটক করে জনগণের মনোভাব ভিন্নখাতে প্রবাহিত করার কোনো ইচ্ছা এই সরকারের নেই।’ ভাড়াটে খুনি ছিল কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে তার আলোকে যা বলা যায় সেটা হচ্ছে দুটো সম্ভাবনাই রয়েছে। এর বাইরে এ সম্পর্কে কিছু বলা যাবে না।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে এ দুই সহকর্মীর হত্যার রহস্য বের করতে র্যাব অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্বের সাথে মামলাটির তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে গতানুগতিক তদন্ত পদ্ধতির পাশাপাশি অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ মামলা তদারকির সর্বাত্মক শক্তি ও সম্পদ প্রয়োগ করব।’সাগর-রুনির ছেলে মেঘের প্রতি সাংবাদিকসহ সবার সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী।এর আগে গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেছিলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য ১০ অক্টোবরের মধ্যে উদঘাটন করা সম্ভব হবে।ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘সরকার সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই হত্যাকাণ্ডের তদন্তের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত এ মামলায় আমরা যেসব তথ্য পেয়েছি, এর ভিত্তিতে বলতে পারি, আগামী মাসের ১০ তারিখের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’ গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।এরপর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন।