সাত হাজার চাতালশ্রমিক বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৩০০ চাতাল ও আড়াই শতাধিক চালকল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাজারে ধানের সরবরাহ না থাকায় ও ব্যবসায়ীদের গুদামে মজুদ ফুরিয়ে যাওয়ায় এসব চাতাল ও চালকলে কাজ নেই। ফলে বেকার হয়ে পড়েছে এই দুটি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হাজার হাজার শ্রমিক। চাতাল ও চালকল মালিকেরা জানিয়েছেন, আমন ধান বাজারে উঠতে এখনো অনেক দেরি। কিন্তু এরই মধ্যে বাজারে ধানের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের গুদামে বোরোর যে মজুদ ছিল তা ইতিমধ্যে ফুরিয়ে গেছে। মজুদ ফুরিয়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে উপজেলার চাতাল ও চালকলগুলোতে। উপজেলা চালকল মালিক সমিতি জানিয়েছে, প্রায় দুই মাস ধরে বাজারে ধানের সরবরাহ নেই। চাতাল মালিক-ব্যবসায়ীদের গুদামে বোরোর যে মজুদ ছিল সেটিও ফুরিয়ে গেছে। ফলে ধান সংকটে বর্তমানে উপজেলার প্রায় সব চাতালই বন্ধ ।চালকল মালিকেরা জানান, গত বোরো মৌসুমে ধান-চালের বাজারদর ওঠানামা করায় এবং বাজারদরের চেয়ে সরকারি গুদামে চালের দাম কিছুটা কম বেঁধে দেওয়ায় ছোট ও মধ্যম পুঁজির ব্যবসায়ীরা গুদামে ধান মজুদের সাহস পায়নি। লোকসানের আশঙ্ককায় অন্যান্য বছরের চেয়ে অনেক কম পরিমাণ ধান গুদামে মজুদ করেন চাতাল মালিকেরাও। কালাইয়ের প্রসিদ্ধ পাঁচশিরা বাজারের চাতালপল্লীতে খোঁজ নিয়ে জানা গেছে, ধানের অভাবে প্রায় দুই মাস ধরে এখানকার সব চাতাল বন্ধ। চাতাল বন্ধ হয়ে যাওয়ায় চালকলগুলোও বন্ধ। এতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক।পাঁচশিরা বাজারের চাতালের মালিক নুরে আলম বলেন, ‘বাজার ওঠানামা করায় বোরো মৌসুমে গুদামে বেশি পরিমাণ ধান মজুদ করার সাহস পাইনি। ধানের যেটুকু মজুদ ছিল তা শেষ হয়ে গেছে। ধানের অভাবে বন্ধ করে দিতে হয়েছে চাতালও।’হাতিয়র বাজারের চালকলের মালিক সুদেব চন্দ্র বলেন, ‘বোরো মৌসুমে বাজার ওঠানামার পাশাপাশি সরকারি গুদামে মিলমালিকদের জন্য চালের যে দর বেঁধে দেওয়া হয়েছিল তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন ছিল। ফলে গুদামে বেশি ধান মজুদ করার উৎসাহ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু পরে চুক্তিবদ্ধ মিলমালিকদের জন্য ৩ টাকা হারে ইনসেনটিভ ঘোষণা দিলে বাজার চাঙা হয়। কিন্তু ততদিনে গুদামে ধানের মজুদই শেষ। ফলে চাতাল ও চালকল দুটোই বন্ধ করে দিতে হয়।’কালাই সদরের খাজাবাবা চালকলের কর্মচারী চিত্তরঞ্জন বলেন, ‘ধানের অভাবে চাতাল বন্ধ হয়ে যাওয়ায় দেড় মাস ধরে কাজ নেই। বেকার হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে খেয়ে না-খেয়ে দিন পার করছি।’ হাতিয়র চাচা-ভাতিজা চালকলের নারী চাতাল শ্রমিক কোহিনুর বেগম বলেন, ‘চাতাল বন্ধ থাকায় উপার্জনও বন্ধ। ফলে ছেলে-সন্তান নিয়ে দুই মাস ধরে বহু কষ্টে দিন কাটাচ্ছি।’ উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বলেন, ‘ধানের অভাবে বর্তমানে উপজেলার প্রায় ৩০০ চাতাল বন্ধ। আর এ দুটি শিল্প বন্ধ হয়ে যাওয়ায় প্রায় সাত হাজার শ্রমিক কর্মহীন ও বেকার হয়ে পড়েছেন।’ উপজেলা চালকল-মালিক সমিতির সভাপতি আবদুল বারী বলেন, ‘বাজারে ধানের আমদানি বন্ধ নেই। ব্যবসায়ীদের গুদামে মজুদও ফুরিয়ে গেছে। এ অবস্থায় উপজেলার সব চাতাল ও চালকল পুরোপুরি বন্ধ। আমন উঠতে আরও অন্তত এক মাস লেগে যাবে। সেই পর্যন্ত ব্যবসায়ীদের অপেক্ষা করতে হবে। ’