সাতই মার্চ গণ শোভাযাত্রায় শক্তি দেখাবে আ. লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির ঢাকা মহাসমাবেশ কর্মসূচির এক সপ্তাহ আগেই রাজধানীতে দলীয় শক্তিমত্তা দেখাতে চায় সরকারি দল আওয়ামী লীগ। ঐতিহাসিক সাতই মার্চ ঢাকায় বড় রকমের গণ শোভাযাত্রা করে বিরোধী দলকে চাপে ফেলার কৌশল নেওয়া হচ্ছে।আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় সাতই মার্চে গণ শোভাযাত্রা সফল করার বিভিন্ন দিক নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা হয়। সভায় চলতি মার্চ মাসে আন্দোলনের নামে কেউ যাতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবসের দিন গণ শোভাযাত্রায় বড় রকমের লোকসমাগমের ঘোষণা দেওয়া হয়েছে। বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘণ্টার শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শুরু হয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেষ হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দলীয় সূত্রে জানা গেছে, ১২ মার্চ বিএনপির কর্মসূচির ঠিক আগে বা কর্মসূচির দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে না। বিরোধী দলের সঙ্গে মুখোমুখি অবস্থান এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিরোধী দলের কর্মসূচির সপ্তাহখানেক আগে সাতই মার্চ আওয়ামী লীগের পূর্বনির্ধারিত কর্মসূচির দিন রাজনৈতিক বড় রকমের লোকসমাগম ঘটিয়ে বিরোধী দলকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় দলটি।সূত্র জানায়, যৌথ সভায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলীয় সাংসদদের কিছুটা সমালোচনা করা হয়েছে।গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমতউল্লাহ খান সভায় বলেন, মন্ত্রী, উপদেষ্টা ও সাংসদদের কথাবার্তায় সমন্বয় থাকতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়হীন কথাবার্তায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সরকারের সফলতা তুলে ধরতে বক্তৃতা-বিবৃতির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘সাতই মার্চের কর্মসূচির মধ্য দিয়েই প্রমাণিত হবে স্বাধীনবাংলায় স্বাধীনতাবিরোধীদের ঠাঁই নেই। আমরা আবারও প্রমাণ করতে চাই, বিএনপি-জামায়াতের সারা দেশের জনগণের চেয়ে আমাদের ঢাকা মহানগরের জনসংখ্যা অনেক বেশি।’উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগামী সাতই মার্চ ঢাকাকে মিছিলের নগরে পরিণত করা হবে। ওই দিন গণ শোভাযাত্রায় প্রমাণিত হবে, দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। কোনো ষড়যন্ত্রই মানবতাবিরোধীদের রক্ষা করতে পারবে না।লালমনিরহাটে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, যার দুই ছেলে দুর্নীতির দায়ে পলাতক, তাঁর মুখে এমন কথা শোভা পায় না। আওয়ামী লীগ কখনোই পালানোর দল নয়। সে কারণে পালানোর পথ খোঁজারও প্রয়োজন নেই। মাথা নত করা কাকে বলে আওয়ামী লীগ নেতারা তা জানেন না।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সাতই মার্চের কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘এমন মিছিল করব, সে জনস্রোত দেখে খালেদা জিয়াসহ সকলেই বুঝতে পারবে, জনগণ কোন দিকে আছে।’বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের সাতই মার্চের কর্মসূচি হবে স্মরণকালের সর্ববৃহত্। লাখো জনতার অংশগ্রহণে ওইদিন প্রমাণিত হবে, বিএনপি-জামায়াতের চেয়ে আওয়ামী লীগের সামর্থ্য অনেক বেশি।১২ মার্চ বিএনপি-জামায়াতের সমাগমের চেয়ে সাতই মার্চের কর্মসূচিতে অনেক বেশি লোকের জমায়েত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হানিফ বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য, অরাজকতা ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মার্চ মাস হলো মুক্তিযোদ্ধাদের মাস। এ মাস ঢাকা থাকবে মুক্তিযোদ্ধাদের দখলে। আগামী সাতই মার্চ আওয়ামী লীগ এমনভাবে গণ শোভাযাত্রা কর্মসূচি পালন করবে, যাতে ১২ মার্চে বিএনপির ঢাকায় আসার সাধ ভালোভাবে মিটে যায়।পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমরা একটু বিশ্রামে ছিলাম। তার অর্থ এই নয় যে আমরা ঘুমিয়ে আছি।’লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়া ঢাকা মহানগরের পার্শ্ববর্তী জেলা ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।সভায় সাতই মার্চের কর্মসূচি সফল করতে কাল ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে কর্মিসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।