সাতকরার সাতকাহন
সিলেট-তামাবিল সড়কের হরিপুরের বাঁকে বসে মৌসুমি ফল আর সবজির হাট। হাটে কাঁধের ভার রেখে আকার অনুসারে সাতকরা সাজিয়ে রাখছিলেন জৈন্তাপুরের দরবস্ত গ্রামের জহিরউদ্দিন। সকালবেলার এই হাটের সাতকরা বিকেলে খুচরা বিকোয় সিলেট নগরের বিভিন্ন সবজির বাজারে।জহির জানান, জাফলং থেকে পাইকারি ১০-১২ টাকা হালি সাতকরা কিনে এনে বিক্রি করছেন ২০ টাকা হালি। এখান থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে গিয়ে সিলেট নগরের বিভিন্ন বাজারে আকারভেদে ১৬ থেকে ২৪ টাকা হালি বিক্রি করছেন। জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস সাতকরার মৌসুম। নগরের বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয়ভাবে উৎপাদিত এসব টাটকা সাতকরা বিকোচ্ছেও প্রচুর।হরিপুরের সাতকরা সিলেট নগরের সোবহানীঘাট সবজির বজারে বিক্রি করছিলেন খুচরা বিক্রেতা শরিফুল খাঁ। ‘দেশি’ আর ‘টাটকা’ বলে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছিলেন তিনি। তাঁর সবজির পসরায় সাজানো শুধুই সাতকরা। একেকটি বস্তায় ৭০ থেকে ১৪০টি করে। শরিফুল খাঁ বলেন, ‘ই-সময়টাই অইল দেশি হাতকরার সিজন। হপ্তা দুই পরে আর দেশি মিলত নায়।’বন্দরবাজার ফুটপাতের পসরা থেকে দুই হালি সাতকরা কিনে ফেরার পথে রায়নগরের আসাদুজ্জামান জানান, দেশি-বিদেশি দুই রকমের দুই হালি সাতকরা কিনেছেন তিনি স্বাদের তারতম্য পরখ করতে। ‘বিদেশি’ বলতে এখানে বোঝায় ভারতের আসাম ও মেঘালয়ের সাতকরা। বিক্রেতাদের দাবি, দেশি সাতকরার স্বাদ বেশি। তবে উভয়ের দাম প্রায় একই রকম।সোবহানীঘাটের বিক্রেতা শরিফুল জানান, তাঁরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ও জৈন্তাপুরে মোকামপুঞ্জি থেকে পাইকারি দরে ১০ থেকে ১২ টাকা হালি সাতকরা কিনে এনে খুচরা বিক্রি করছেন। এখন বিদেশি সাতকরার আমদানি কম। জাফলং ও মোকামপুঞ্জির সাতকরার মৌসুমি জোগান কমে গেলে ভারতের আসাম ও মেঘালয় থেকে আমদানি শুরু হবে। এই আমদানি সারা বছর ধরেই চলে। তখন দামও এক লাফে অনেক বেড়ে যায়।সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাটের জাফলং ছাড়াও সিলেট অঞ্চলের পাহাড়-টিলায় সাতকরার চাষ হয়। লেবুগাছের মতো সাতকরার কাঁটাভরা গাছ ২০ থেকে ২৫ ফুট লম্বা হয়। ফাল্গুন মাসে ফুল আসে। জ্যৈষ্ঠ-আষাঢ়ে ফল হয়। কমলা চাষের মতো নিরবচ্ছিন্ন কোনো চাষপদ্ধতি না থাকায় সাতকরার উৎপাদনসংক্রান্ত কোনো পরিসংখ্যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নেই। সিলেটে এর প্রচুর চাহিদার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম ও মেঘালয় থেকেও সাতকরা আমদানি হয়।সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এ কে এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সবজির বাজারে সারা বছর সাতকরা পাওয়া গেলেও বর্ষার এই সময়টা হচ্ছে টাটকা সাতকরার মৌসুম। সাইট্রাস গোত্রের অন্তর্ভুক্ত লেবুজাতীয় এই ফল ভারতের আসামের পাহাড়ি এলাকার আদি ফল। সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয়। যুক্তরাজ্য-প্রবাসী সিলেটিদের মধ্যে ব্যাপক চাহিদা থাকায় সেখানেও এটি রপ্তানি হয়। ইদানীং সিলেটের বাইরের জেলাগুলোতেও সাতকরার চাহিদা দেখা যাচ্ছে।সিলেটের রান্না শেখার প্রতিষ্ঠান ‘গৃহিণী’র পরিচালক কাজী তাসলিমা সায়েরা জানান, দেখতে লেবুর মতো সাতকরার খোসা পুরু, শাঁস টক। তরকারি হিসেবে ঝোলযুক্ত খাট্টা ও ডাল, গরুর মাংসের ভুনায় ব্যবহার করা হয়। রান্নায় সাতকরার কোনো অংশই ফেলনা নয়। রান্নার আলাদা প্রণালিও রয়েছে। সাতকরার আচারের চাহিদা সারা বছরই থাকে।সিলেট অঞ্চলে সাতকরার কদর প্রাচীনকাল থেকেই। সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি শুভেন্দু ইমাম বলেন, ‘কমলা শুনলে যেমন সিলেট প্রসঙ্গ আসে, তেমনি লেবু আকৃতির সবজিজাতীয় ফল সাতকরার নাম শুনলেও সিলেটের কথা মনে পড়ে। সিলেট অঞ্চলের মানুষের কাছে রসনার অন্যতম অনুষঙ্গ এই সাতকরা। ব্যাপক চাহিদার একান্ত নিজস্ব এই ফল এখন সিলেটি সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ হয়েই আছে।’