সাতকানিয়ায় বিডিআরের ৭৮ জন জওয়ানকে গ্রেপ্তারের নির্দেশ
বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারের ৭৮ জন জওয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত-৪। সকাল ১০টায় সাতকানিয়া বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত আদালতে বিচারকাজ শুরু হয়ে চলে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত।আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। নায়ক সুবেদার শরিফুল ইসলাম সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারের এডি হারুনুর রশীদ ও ডিএডি মো. নূরুন্নবীসহ ১৫৩ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তার না হওয়া ৭৮ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন।বাকি ৭৫ জন চট্টগ্রাম কারাগারে বন্দী। আদালত কাল বৃহস্পতিবার ১৫৩ জওয়ানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের বিডিআর জওয়ানেরাও বিদ্রোহ করেন।২০০৯ সালের ১৩ মে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাদী হয়ে বিডিআরের ১০০ জওয়ানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। এই মামলায় ১৫ মে বিডিআরের এডি হারুনুর রশীদ, ডিএডি মো. নূরুন্নবীসহ ৭৫ জওয়ানকে গ্রেপ্তার করা হয়।