সাতকানিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আগামী বছরের ৬ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন । ওই দিন সকাল দশটায় আবার আদালত বসলে অভিযুক্ত ১৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। এ বিদ্রোহের ঘটনায় বায়তুল ইজ্জতের রাইফেল প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ের (আরটিসিএস)১৫৩ জন বিডিআর সদস্যকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে তাঁদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ তুলে ধরা হয়।আজ সকাল নয়টা ৪০ মিনিটে আরটিসিএসে চট্টগ্রাম অঞ্চলের বিশেষ আদালত-৪-এ বিদ্রোহের বিচার শুরু হয়ে শেষ হয় ১০টা ৩৫ মিনিটে। বিডিআরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বিচারক প্যানেলে আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. আবদুর রউফ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এজাজুল হক ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন। সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করেন মেজর মহিবুর রহমান। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের বিডিআর জওয়ানেরাও বিদ্রোহ করেন।২০০৯ সালের ১৩ মে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাদী হয়ে বিডিআরের ১০০জন জওয়ানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। এ মামলায় ১৫ মে বিডিআরের এডি হারুনুর রশীদ, ডিএডি মো. নূরুন্নবীসহ ৭৫ জওয়ানকে গ্রেপ্তার করা হয়। আর বাকি ৭৮ জনকে গতকাল গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন আদালত।