সাতকানিয়ায় বিদ্বেষ ছড়িয়েছেন জামায়াত নেতা শাহজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় সহিংসতাকে উসকে দিয়েছেন জামায়াতদলীয় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার থেকে অবরুদ্ধ থাকা সাতকানিয়ায় পৌঁছে জামায়াতের পলাতক এই নেতা দুটি জনসভা করেন।গত রোববার এসব জনসভায় তিনি সাঈদীর ফাঁসির রায় শোনার পর এলাকার মানুষ তা কীভাবে সহ্য করছে তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘সাতকানিয়ায় প্রতিবন্ধকতা (ব্যারিকেড) আছে, থাকবে। কোনো প্রশাসন বা সরকার তা তুলে নিতে পারবে না।’ এই উসকানিমূলক বক্তব্যের পর ওই দিনই পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়। গুলিতে নিহত হন তিনজন।দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সাতকানিয়ার বিভিন্ন স্থানে একযোগে জামায়াত-শিবির তাণ্ডব চালায়। ছয় দিন পরও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি এখানে। অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল এখনো বন্ধ রয়েছে।১০টি বড় হামলা: গত ছয় দিনে উল্লেখযোগ্য ১০টি স্থানে হামলা হয়েছে। এগুলো হচ্ছে কেরানীহাটে তিন শতাধিক দোকানপাট, ব্যাংক, হাসপাতাল ও ব্যাংকের কার্যালয় ভাঙচুর, কাঞ্চনা ইউনিয়নে বৌদ্ধমন্দিরে হামলা ও ভাঙচুর, চরতী ইউনিয়নে কালীমন্দির ও শ্মশানে হামলা ও ভাঙচুর, বাজালিয়ায় মন্দিরে হামলা ও ভাঙচুর, সাতকানিয়া সদরে কালীমন্দিরে আগুন, কালিয়াইশ ইউনিয়ন ও কাঞ্চনায় সংখ্যালঘুদের দোকানে হামলা ও লুটপাট, হাসমতের দোকান এলাকায় সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের দোকান ও ব্যবসাকেন্দ্রে হামলা ও ভাঙচুর।গাছ কেটে প্রতিবন্ধকতা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আরও তিনটি সড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এগুলো হচ্ছে চট্টগ্রাম-বান্দরবান সড়ক, কেরানীহাট-সাতকানিয়া সড়ক ও সাতকানিয়া-বাঁশখালী সড়ক। প্রতিটি সড়কেই পাশের বড় বড় গাছ কেটে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রতিবন্ধকতা তুলে ফেলা সম্ভব হলেও অন্য সড়কগুলোতে এখনো তা রয়ে গেছে। পুলিশ এক দিক দিয়ে গাছ সরিয়ে ফেললে অন্য দিক দিয়ে নতুন করে গাছ কেটে সড়কে ফেলা হচ্ছে।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী, কেটে ফেলা গাছের সংখ্যা তিন হাজারের বেশি। ক্ষয়ক্ষতি তিন কোটি থেকে চার কোটি টাকা।জনপ্রতিনিধিরা এলাকায় নেই: গত ছয় দিনে সাতকানিয়া, লোহাগাড়ায় যাননি কোনো জনপ্রতিনিধি। এলাকার সাংসদ আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির। তিনি এলাকায় নেই। তাঁর মুঠোফোনে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক প্রথম আলোকে বলেন, ‘সাংসদ দলীয় কর্মসূচি নিয়ে চট্টগ্রাম শহরে ব্যস্ত।’সাংসদের পাশাপাশি এলাকা ছেড়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল মোনাফ। তবে, সোমবার এলাকায় গেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম।দায় চাপাল জামায়াত: সাঈদীর ফাঁসির রায় দেওয়ার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নেতৃত্বে সবখানে হামলা চালানো হলেও তাঁরা এখন দায় চাপাচ্ছেন সাধারণ লোকজনের ওপর। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক বলেন, ‘রায়ে ক্ষুব্ধ হয়ে সাঈদীর ভক্তরা বিভিন্ন স্থানে উত্তেজিত হয়ে হামলা করেছেন। আমরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেছি।’