জামায়াত-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়ার পৌরসভা নির্বাচন কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে। চারদলীয় জোটের প্রধান দুই শরিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এখানে বিএনপি-সমর্থিত মোহাম্মদুর রহমান ও জামায়াত-সমর্থিত জাফর সাদেক দুজনই নিজেকে চারদলীয় জোটের প্রার্থী বলে দাবি করছেন। এখানে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী মোহাম্মদ জুবাইর ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন রফিক আহমেদ। তবে রফিকের নির্বাচনী প্রচার ও দৃশ্যমান তৎপরতা নেই।সরেজমিন ঘুরে ও রাজনৈতিক মহলে কথা বলে জানা যায়, এখানে বিএনপি-জামায়াত বিরোধ নতুন নয়। বিগত সংসদ নির্বাচনে এখানে জামায়াতের প্রার্থী চার দলের মনোনয়নে নির্বাচিত হলেও স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি কখনো জামায়াতকে ছাড় দিতে রাজি নয়। এর আগে ২০০৫ সালের পৌর নির্বাচনেও জামায়াতের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী মোহাম্মদুর রহমান। ওই নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি প্রার্থীর পক্ষ নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন গুণ ভোট পান মোহাম্মদুর রহমান। কিন্তু এবার আওয়ামী লীগের প্রার্থীও বেশ সরব। তাই এখানে ভোটের হিসাব-নিকাশ অন্যভাবে কষছেন প্রার্থীরা।স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাতকানিয়ায় বিএনপি ও জামায়াত একে অন্যকে শত্রু হিসেবে দেখছে। বিশেষ করে ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা হয়। এর নেপথ্যে মেয়র মোহাম্মদুর রহমানের ভূমিকা ছিল বলে জামায়াতের স্থানীয় নেতাদের অভিযোগ। এবারের নির্বাচনী প্রচারেও বিষয়টি সামনে এসেছে।জামায়াতের কর্মী মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘উনি (মোহাম্মদুর রহমান) রাতে এলডিপি আর দিনে বিএনপি করেন। তিনি দুই নৌকায় পা রেখেছেন। যাঁর নীতি নেই, তাঁকে কেন মানুষ ভোট দেবেন? উনি বিএনপি না নাকি এলডিপি, সেটা পরিষ্কার হওয়া উচিত।’মোহাম্মদুর রহমান দাবি করেন, ‘কেন্দ্র থেকে আমাকে চারদলীয় জোট সমর্থন দিয়েছে বলে নির্বাচন করছি। পত্রিকায় এ ঘোষণা এসেছে। জামায়াতের লোকজন মিথ্যা বলতে পারদর্শী। মানুষকে ধোঁকা দেওয়া তাঁদের কাজ। তাই আমার বিরুদ্ধে তাঁরা অপপ্রচার চালাচ্ছেন।’জামায়াতের প্রার্থী জাফর সাদেক দাবি করেন, দক্ষিণ জেলা বিএনপির সরওয়ার জামাল নিজাম, গাজী শাহজাহান জুয়েল, মিজানুল হক, উপজেলা বিএনপির মূল স্রোতের নেতারা তাঁর পক্ষে আছেন। তিনি চারদলীয় জোটের প্রার্থী। আর মোহাম্মদুর রহমান বিএনপির সমর্থনই পাচ্ছেন না।স্থানীয় সূত্রগুলো জানায়, বিএনপির মোহাম্মদুর রহমানকে ঠেকাতে জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীও গতকাল মাঠে নেমেছেন। তিনি দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। শাহজাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে মোহাম্মদুর রহমান ভূমিকা রেখেছেন বলে শুনেছি।’ তাঁর এ কথা শেষ না হতেই সঙ্গে থাকা জামায়াতের এক কর্মী চিৎকার করে বলেন, ‘মোহাম্মদুরের কারণে আমাদের নেতা শাহজাহান চৌধুরী এক-এগারোর শিকার হয়েছেন। এবারের নির্বাচনে আমরা এর জবাব দেব।’তবে মোহাম্মদুর রহমান বলেন, ‘আমি কেন শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মামলা করতে ভূমিকা রাখব? আসলে উনি দুবার এমপি হয়ে এলাকার কোনো উন্নয়ন করতে পারেননি। দুই মেয়াদে তিনি অনেক মা-বোনের বুক খালি করেছেন। এখন আমাকে অভিযুক্ত করছেন, এটা মিথ্যাচার।’বিএনপি-জামায়াতের এই মুখোমুখি অবস্থানের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জুবাইর কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকার কথা। কিন্তু দলীয় সূত্রগুলো জানায়, তিনি ততটা সুবিধায় নেই। কারণ দলীয় কর্মীদের অনেকেই তাঁর নিয়ন্ত্রণের বাইরে। অবশ্য মোহাম্মদ জুবাইর দাবি করেন, ‘দলের কর্মী-সমর্থকেরা আমার নিয়ন্ত্রণেই আছে। মাঠে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি।’