সাতকানিয়ায় শিবির-পুলিশ গোলাগুলি, গ্রেপ্তার ৫
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে অস্ত্রসহ পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে পুলিশসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: শিবিরকর্মী মো. ইকবাল, পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী শফিকুল ইসলাম, কনস্টেবল বেলায়েত হোসেন ও আবদুল মান্নান। তাঁদের মধ্যে মো. ইকবালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা হলেন: শিবিরকর্মী মো. ইকবাল আলী (৩২), নাসির উদ্দিন (৪৫), ছগির আহমদ (২৩), মো. আরিফ (২২) ও আবু সুফিয়ান (২২)। তাঁদের মধ্যে নাসির উদ্দিন জামায়াতের কর্মী বলে জানা গেছে। তাঁরা সবাই সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি একনলা বিদেশি বন্দুক, ১৬টি কার্তুজের গুলি, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করে।পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম পুলিশ লাইনসের রিজার্ভ অফিসার কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন খবরের ভিত্তিতে ওই এলাকার শিবিরকর্মী ইকবালের খামারবাড়িতে অভিযান চালায়। এ সময় শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে কমপক্ষে এক ঘণ্টা গুলিবিনিময় হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর-রশিদ চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা অনেক দিন ধরে এওচিয়া এলাকায় বিশৃঙ্খলা চালাচ্ছিলেন। ইকবালের খামারবাড়িতে নাশকতার পরিকল্পনা হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সাতকানিয়া থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে উপপরিদর্শক কাজী শফিক বাদী হয়ে দুটি মামলা করেছেন। শিবিরকর্মী ইকবালের বিরুদ্ধে সাতকানিয়া থানায় আগেও পাঁচটি মামলা রয়েছে। তবে সাতকানিয়া পশ্চিম শাখা শিবিরের সভাপতি আবু সুফিয়ান প্রথম আলো ডটকমকে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনাটি সাজানো। এলাকায় জামায়াত-শিবিরকে কোণঠাসা করতে পুলিশ ও সরকারি দলের নেতারা এই সাজানো নাটকের ঘটনা ঘটিয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শিবিরকর্মী কি না জনাতে চাইলে তিনি বলেন, তাঁরা কর্মী নন, সবাই জামায়াত-শিবিরের সমর্থক।