সাতক্ষীরা আওয়ামী লীগের তিন নেতাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের করা একটি মামলায় তিন আসামির চরিত্র ভালো বলে দেওয়া প্রত্যয়নপত্রের বিষয়ে ব্যাখ্যা জানাতে সাতক্ষীরা আওয়ামী লীগের তিন নেতাকে তলব করেছেন হাইকোর্ট।তাঁরা হলেন: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ ও ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম রাশেদুল ইসলাম। এই নেতাদের ১৬ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে তাঁদের দেওয়া প্রত্যয়নপত্রের ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। একই দিন মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুল হককেও আদালতে আসতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি মামলার তিন আসামির জামিন আবেদন শুনানিকালে এ আদেশ দেন।আদালতে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন এম এ মুমতাকিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ।জানা যায়, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ১২ ফেব্রুয়ারি সাতক্ষীরা থানার পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় ১২ জনের নাম উল্লেখ করে জামায়াতের দুই-তিন শ নেতা-কর্মীকে আসামি করা হয়। এই ১২ জনের মধ্যে মো. শহিদুর রহমান, মো. আবু সাঈদ ও সিরাজুল ইসলাম যথাক্রমে ৮, ৯ ও ১০ নম্বর আসামি। আজ এই তিনজনের জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।এই তিন আসামির জামিন আবেদনের সঙ্গে প্রত্যয়নপত্র যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ।১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতাদের দেওয়া প্রত্যয়নপত্রে বলা হয়, জামিনের আবেদনকারীদের তাঁরা ব্যক্তিগতভাবে চেনেন। তাঁরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। রাষ্ট্রবহির্ভূত কোনো কাজে তাঁরা জড়িত নন।গাজী মো. মামুনুর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, জামিন আবেদনে দেওয়া এই প্রত্যয়নপত্রের বিষয়ে ব্যাখ্যা দিতে ওই তিনজনকে আদালতে হাজির হতে বলা হয়েছে।