সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জে আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরার সদর উপজেলার দহকুলা মোড়ে আজ সকাল পৌনে সাতটার দিকে ট্রাকের চাপায় রায়হান গাজী (১১) নিহত হয়। সে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং উপজেলার ফিংড়ি গ্রামের গোলাম গাজীর ছেলে।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা জানান, রায়হানের মরদেহ তার স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। ময়নাতদন্ত ছাড়াই যাতে দাফন করা যায় সে ব্যাপারে প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাক ও তার চালক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়কের চামা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।