সাতক্ষীরা জামায়াতের আমিরসহ ২১ জনকে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মুহাদ্দেস আবদুল খালেকসহ গ্রেপ্তার হওয়া জামায়াতের ২১ নেতা-কর্মীকে সাত দিনের রিমান্ডে নেওয়া আবেদন করা হয়েছে। পুলিশ আজ শনিবার সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁদের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক কাল রোববার শুনানির দিন ধার্য করেছেন।সরকার উত্খাতের ষড়যন্ত্র এবং সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে গতকাল শুক্রবার রাতে ২২৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফকির আজিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জামায়াতের ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।সাতক্ষীরা সদর থানায় উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াতের কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে কামরুল ইসলাম, নুরুল ইসলাম, আহাদ আলী, আবদুল আহাদ, আবুল কালাম আজাদ, শাহিনুর রহমান, মাহবুবুর রহমান, ইউসুফ আবদুর রহমান, মো. শাহাজান, আবদুস সবুর, শাহিনুর রহমান, নুরুল হক, আবদুল মোমিন ও মো. আবদুল্লাহকে গ্রেপ্তার করে। ওই দিন ভোরে পুলিশ অন্য এক অভিযানে মো. হাসানুজ্জামান, শফিকুল ইসলাম, আবদুল কাদের, ইসরাফিল সরদার, আকরামুজ্জামান, সাব্বির হোসেন ও নাঈম সিদ্দিকীকে গ্রেপ্তার করে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খান জেলা জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলসহ ২২৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।