সাতক্ষীরা র‌্যাবের দুই কর্মকর্তাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র উদ্ধারের নামে সাতক্ষীরায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে পুলিশের বিশেষ শাখা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে অংশ নেওয়া মেজর কামরুজ্জামান ও ডিএডি দেলোয়ারকে আগামী ৮ জুন আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুলও জারি করা হয়। রুলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, খুলনার র‌্যাব-৬-এর কমান্ডার, সংশ্লিষ্ট মেজর ও ডিএডিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারিসহ ওই ঘটনার সময় উপস্থিত সব র‌্যাব সদস্যের নাম-ঠিকানা আদালতে দাখিল করতে র‌্যাবের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দিয়েছেন। অভিযানে অংশ নেওয়া মেজর কামরুজ্জামান ও ডিএডি দেলোয়ারকে আগামী ৮ জুন আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলার সদর উপজেলার নতুয়াডাঙা গ্রামের শফিকুলকে সাজানো অস্ত্র মামলায় গ্রেপ্তারের চেষ্টা ও জনগণের অবরোধে তা ব্যর্থ—এমন অভিযোগে ২৩ মে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এবং সোসাইটি অব জাস্টিসের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন। নতুয়াডাঙা গ্রামের ওই ঘটনার ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে তার প্রতিবেদন দাখিল করতে স্বরাষ্ট্র সচিবকে বলা হয়েছে। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, নতুয়াডাঙার ঘটনা সংবিধানের ২১, ৩১, ৩৫ ও ৪৩ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। কিন্তু অবৈধ প্রভাবে ও অসৎ উদ্দেশে কতিপয় র‌্যাব কর্মকর্তা একজন ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চালান। জনগণের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে জনগণের কাছে তাঁরা ক্ষমা চাইতে বাধ্য হন। এ ধরনের ঘটনা পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাঁদের কর্মকাণ্ড তদন্ত করে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। গতকাল আদালত অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে এম আমীর-উল ইসলাম, ড. এম জহির, রোকনউদ্দিন মাহমুদ, শাহদীন মালিক ও সারা হোসেনকে রাখা হয়। ‘ক্রসফায়ার’ নিয়ে হাইকোর্টের স্বতঃপ্রণোদিতসহ চারটি রুল এখন শুনানির অপেক্ষায়। গত তিন বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে মানবাধিকার সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এর আগে জারি করা একাধিক রুল এখন শুনানির অপেক্ষায় রয়েছে।