সাতক্ষীরা শহরে ১৪৪ ধারা জারি
ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখা শহরের আবদুর রাজ্জাক পার্কে একই সময়ে জনসভার আহ্বান করার ফলে উদ্ভূত উত্তেজনা নিয়ন্ত্রণ করতে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাতক্ষীরা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।এ ছাড়া বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নূরুল হুদা জানান, সাংগঠনিক সফর হিসেবে আজ বৃহস্পতিবার জামায়াতের সেক্রেটারি আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে বিকেল তিনটায় এক জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল। একই স্থানে ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাতক্ষীরা জেলা শাখা যৌথভাবে বেলা ১১টা ও বিকেল চারটায় মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সভা ডাকে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে আজ জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খান জামায়াত ও শিবিরের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা করা হয়েছে।