সাতক্ষীরা সীমান্তে অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ভারতীয় ছয়টি এয়ারগান ও এয়ারগানের পাঁচটি নট (ব্যারেল) উদ্ধার করেছে। এ সময় আবদুল মহিদ গাজী (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী গোদাঘাটা এলাকা থেকে অস্ত্রসহ আবদুল মহিদকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন বিজিবি সদস্যরা। সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা গেছে, একটি চোরাকারবারি চক্র ভারত থেকে অস্ত্র নিয়ে সাতক্ষীরায় ঢুকেছে, এমন খবরের ভিত্তিতে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের একটি দল গতকাল রাত থেকে ওই এলাকায় অবস্থান নেয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে তারা একটি ভ্যানকে আটক করে। ভ্যান থেকে ওই পরিমাণ অস্ত্রসহ ভ্যানচালক মহিদকে আটক করা হয়। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার কাজল চক্রবর্তী এয়ারগানসহ এক ব্যক্তিকে আটকের কথা নিশ্চিত করেছেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী খান জানান, এ ঘটনায় কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক আহেল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় মহিদ গাজীসহ দুজনের নাম উল্লেখ করা হয়।